২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরে যাওয়ার ভয় থেকেই ছলছুতায় বিএনপি: কাদের

বিএনপির অতীতের অপকর্ম জনগণ ভোলেনি, এজন্য নির্বাচনে হেরে যাওয়ার ভয় থেকেই দলটি নানা ছলছুতার আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 04:51 PM

Updated : 19 Aug 2022, 04:31 PM

বুধবার সোনারগাঁও হোটেলে এক চুক্তি সাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, অতীত অপকর্মের জন্য বিএনপি নির্বাচনে যেতে ভয় পাচ্ছে।

“বিএনপি ভয় পাচ্ছে কেন? তাদের অতীতের অপকর্মের জন্য, যা জনগণ ভোলেনি। নির্বাচনে হেরে যাবে এজন্য নানা ছলছুতার আশ্রয় নিচ্ছে।”  

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় জানান দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও তার জোটসঙ্গীরা। দলটি এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, সংবিধানে তার কোনো সুযোগ নেই।

ওই মতবিনিময় সভায় খালেদা জিয়া বলেন, “আমরা বার বার বলেছি, এদের (বর্তমান সরকার) অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা বলছি, অবশ্যই আমরা নির্বাচনে যাব, নির্বাচনে যেতে চাই। তবে সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।”

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, “গণতান্ত্রিক দেশে সহায়ক সরকারের কোনো নিয়ম নেই।

“এখানে সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে। যে বা যারা অংশগ্রহণ করবে এটি তাদের ব্যাপার, এখানে নির্বাচনে অংশ গ্রহণ করার ব্যাপারে বাধা নেই।”

নির্বাচনে অংশ গ্রহণ করা বিএনপির অধিকার মন্তব্য করে কাদের বলেন, “এটি তাদের পলিটিক্যাল রাইট, ইলেকশন তো শেখ হাসিনার অধীনে হবে না। ইলেকশন হবে ইলেকশন কমিশনের অধীনে, সে সময় রুটিন ওয়ার্কের বাইরে মেজর পলিসি নিতে সরকারের কিছুই করার থাকবে না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন মঙ্গলবার বলেন, “এখন তারা তাদের সম্পদ গোছাতে ব্যস্ত। কাজেই তারা পালাবার জন্য তৈরি হোক, আর আমরা জনগণকে নিয়ে দেশ রক্ষার জন্য প্রস্তুতি নিই।”

এ ব্যাপারে সাংবাদিকদের কাদের বলেন, “বেগম জিয়া তো অনেক কথাই বলেছেন গতকাল, তিনি বোধহয় ভুলে গেছেন যে টাকা পয়সা পাচার করে তার নিজর সন্তান নয় বছর ধরে পলাতক আছে এবং আরেক সন্তানের পলাতক অবস্থায় মৃত্যু হয়েছে।

“আমি কোনো তিক্ততার সৃষ্টি করতে চাই না, আমি বলতে চাই আওয়ামী লীগ সরকারে হাওয়া ভবন, খাওয়া ভবন রেকর্ড নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

২০০১ সালে নির্বাচনে হারার পর আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “তারা হাওয়া ভবন তৈরি করে লুটপাট করেছে। এর আগে ৫ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তখন কিন্তু আওয়ামী লীগ হেরে গিয়েও পালিয়ে যায়নি।

“কিন্তু ওয়ান ইলেভেনের সময় বিএনপি চেয়ারপারসন ও তার দুই সন্তান কিভাবে পালিয়ে গেছে, রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়েছে, তিনি কি ভুলে গেছেন? এখন যে পালিয়ে বেড়ানোর ব্যাপারে মন্তব্য করছেন।”

গত শনিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি ক্ষমতার অপব্যবহার না করার অঅহ্বান জানান।

তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা-পয়সা নিয়ে পালাতে হবে। তা কি ভাবেন না? দল যদি ক্ষমতায় না থাকে, এখন যে টাকা- পয়সা রোজগার করছেন, তখন এই টাকা নিয়ে পালিয়ে বেড়াতে হবে। এটা ভাবতে হবে।”

ওই বক্তব্যর বিষয়ে কাদের বলেন, “আমাদের নেতাকর্মীদের একটি বিষয়ে সতর্ক করে দিয়েছি, ক্ষমতাসীন দলের খাই খাই একটা ভাব থাকে, বিশেষ করে শেষ দিকে, সেজন্য আমি তাদের সতর্ক করে দিয়েছি খাই খাই ভাবটা ভাল নয়।

“এটিকে কেন্দ্র করে তারা পলিটিক্স শুরু করে দিয়েছে, তাদের পার্টি সেক্রেটারি, অবশেষে বেগম জিয়াও আসরে অবতীর্ণ হয়েছেন, তিনি কি তার দলের ইতিহাসের সেই কলঙ্কিত ঘটনা ভুলে গেছেন।”

পুরনো খবর:

এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি