২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 12:53 AM

Updated : 11 Oct 2022, 01:57 PM

মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, “আমরা বার বার বলেছি, এদের (বর্তমান সরকার) অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা বলছি, অবশ্যই আমরা নির্বাচনে যাব, নির্বাচনে যেতে চাই। তবে সেই নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার অধীনে আমরা অনেক নির্বাচন দেখেছি। সেগুলো কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

“সেজন্য আমরা পরিষ্কারভাবে জাতিকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছি।”

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও তার জোটসঙ্গীরা। দলটি এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, সংবিধানে তার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “এখন তারা তাদের সম্পদ ঘোছাতে ব্যস্ত। কাজেই তারা পালাবার জন্য তৈরি হোক, আর আমরা জনগণকে নিয়ে দেশ রক্ষার জন্য প্রস্তুতি নিই।”

গত শনিবার চট্টগ্রামে আওয়ামী লীগের এক সভায় নেতাকর্মীদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, দল ক্ষমতায় না থাকলে তারা এখন ‘যে টাকা-পয়সা রোজগার’ করছেন তা নিয়ে তাদের পালাতে হবে।

বক্তব্যে শ্রমিক দলকে শক্তিশালী করতে এর পুনর্গঠনের কথা বলেন খালেদা জিয়া।

তিনি বলেন, “আমাদের সংগঠন যতই শক্তিশালী হবে ততই এই লুটেরাদের ভয় বাড়বে। এজন্য ভয় বাড়বে, মানুষ দেখে তারা ভয় পাচ্ছে। তারা জানে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদেরকে ভোট দেবে না।”  

শ্রমিক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাতে সংগঠনটির নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই মতবিনিময় করেন। অনুষ্ঠানের শুরুতে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়াকে ফুলের তোড়া দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শ্রমিক দলের নেতাদের নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “তারা এতোই বেপরোয়া হয়ে গেছে, তারা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে, ‘পুলিশ বাহিনী আছে আমাদের। তাদের দিয়ে যা ইচ্ছা তাই করব’।

“গুম, খুন, হত্যা, নির্যাতন এসব কাজ করছে।”

হত্যাকাণ্ডের জন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি দোষারোপ না করে খালেদা জিয়া বলেন, “সরকার তাদের নির্দেশ দিচ্ছে এই সব অন্যায় কাজ করার জন্য। র‌্যাব বা পুলিশ বাহিনী তারাও মানুষ, তারাও বুঝতে পারবে, তাদেরও পরিবার আছে, আত্বীয়-স্বজন আছে।

“তারা নিশ্চয় জানে যে, আমাদের দিয়ে এসব কাজ জোর করে করাচ্ছে। পালাবার পর আমাদের ওপরই এর অন্যায়-অপরাধের দোষ পড়বে।”

“আমরা জানি যে, পুলিশ বাহিনী বা র‌্যাব বা অন্যান্যরা তারা নিজের উদ্যোগে কিছু করছে, নির্দেশে করছে। সবাই নয়, বেশিরভাগই ভালো। এরা সবাই দোষী নয়। কাজেই এদের সবাইকে এক কাতারে ফেলে অন্যায়ভাবে শাস্তি দেওয়া উচিৎ হবে না বা বিচার করা ঠিক হবে না।”

ভোটের মাধ্যমে শ্রমিক দলের নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দেন খালেদা জিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন।