২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘরোয়া কর্মী সভায়’ বাধার অভিযোগ বিএনপির

দল পুনর্গঠনে বিভিন্ন জেলায় ঘোষিত ‘ঘরোয়া কর্মী সভা’ করতে ক্ষমতাসীন দল ও পুলিশ প্রকাশ্যে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 07:14 PM

Updated : 19 Aug 2022, 04:31 PM

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাটোর ও বাগেরহাটের ‘কর্মী সভা’ পণ্ড করে দেওয়ার এ অভিযোগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) নাটোরে কর্মী সভা পণ্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্মীসভার স্থান সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দস তালুদারের বাসভবনে দলের দায়িত্বপ্রাপ্ত দল নেতা খায়রুল কবির খোকন উপস্থিত হওয়ার পূর্বেই পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা তালা লাগিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয় ও সভা পণ্ড করে দেয়।

“শুধু তাই নয়, বাগেরহাটেও পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে কর্মীসভা করতে দিচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই দেশটা আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি বলেই বিরোধীদল সভা-সমাবেশ কিছুই করতে পারবে না।”

নাটোর ও বাগেরহাটে কর্মী সভা করতে না দেওয়ার এ অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

সরকারের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, “আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে বিএনপিসহ বিরোধী দলগুলোর সভা-সমাবেশ করতে সুযোগ দিন। পুলিশি গুণ্ডামি বন্ধ করুন। নইলে অশুভ পরিণতির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।”

এপ্রিলের শেষের দিকে পক্ষকাল ব্যাপী ‘ঝটিকা কর্মসূচি’র অংশ হিসেবে সারা দেশে কর্মী সভা করতে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের নিয়ে ৫১টি দল গঠন করা হয়। তাদেরকে ৭৭ টি জেলা কমিটি ভাগ করে দেওয়া হয়।

নাটোরের কর্মীসভার দলনেতা ছিলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও বাগেরহাটে দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলন থেকে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির সমালোচনা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রিজভী।

তিনি বলেন, “চালের মূল্য বৃদ্ধি, হাওর অঞ্চলে অর্ধকোটি মানুষের অনাহারে অর্ধাহারে দিনযাপনের এ মহাদুযোর্গের সময়ে সরকারের ভিত যখন নড়বড়ে ঠিক তখনই জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার তারেক রহমানের বিরুদ্ধে নাশকতার মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

“এসব মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক। আমরা এহেন মিথ্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা জানাচ্ছি।”

বাংলাদেশের নিম্ন আদালত আইনের শাসনের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে বলে প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যের প্রশংসাও করেন বিএনপির এই নেতা।

“দেশের মাননীয় প্রধান বিচারপতি ব্যতিক্রমধর্মী সাহস নিয়ে সত্য উচ্চারণ করছেন। তাই শাসন বিভাগের সকলের গায়ে জ্বালা ধরেছে। দেশে যে আইনের শাসন নেই এবং সরকার যে আদালতের ওপর প্রভাব বিস্তার করছে তা মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যে প্রতিনিয়ত ফুটে উঠছে।”

রিজভী বলেন, “ভোটারবিহীন সরকার ও সরকার প্রধান সমগ্র রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা সেজে বসেছে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রধানমন্ত্রীর একক মালিকানায় পরিণত হয়েছে। সেজন্য শাসকগোষ্ঠী আইন-বিচার প্রশাসনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র আধিপত্য বজায় রেখে চূড়ান্ত কর্তৃত্বে নেওয়ার বিপদজ্জনক খেলায় মেতে উঠেছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সস্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ওবায়দুল ইসলাম, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান ও মুন্সি বজলুল বাসিত আনজু উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

বিএনপিকে চাঙা করার ভার ৫১ জনের ওপর