২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দুর্যোগে নীরব গুণীজন সমাজের বোঝা: ইনু

স্বাধীনতা সংগ্রাম বা জঙ্গিবাদের বিরুদ্ধে ‘যুদ্ধের’ মতো জাতীয় রাজনৈতিক দুর্যোগে চুপ থাকা গুণীজনরা সমাজের বোঝা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2017, 09:22 PM

Updated : 11 Oct 2022, 01:56 PM

বিভিন্ন ক্ষেত্রের ১১ ‘গুণীজনকে’ সম্মাননা প্রদানের অনুষ্ঠানে জাসদ সভাপতি ইনু বলেন, “গুণীজনের যে কাল, যে সমাজ, যে দেশের গণ্ডির ভিতরে জন্ম ও বিকাশ,সেখানে সে গুণীজন কয়েকটা সমস্যার সম্মুখীন হন। সে দেশ যদি বিদেশি দখলে চলে যায়, সামরিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ নেয় কিংবা স্বৈরাচারী শাসকের জবরদখলে চলে যায়, জঙ্গি-সন্ত্রাসের আর্বিভাব ঘটে-এসব জাতীয় রাজনৈতিক দুর্যোগের সময় গুণীজনের ভূমিকা কী হবে?

“এক্ষেত্রে আমার একটা পক্ষপাত আছে। আমি অবশ্যই গুণীজনদের মাথায় তুলে রাখব। কিন্তু একাত্তরের মতো মহাযুদ্ধের সময় সেই গুণীজন যদি সিদ্ধান্ত না নিতে পারেন দেশের পক্ষে, মানুষের পক্ষেতাহলে তার পুরো জীবনই বৃথা হয়ে যাবে।”

মঙ্গলবার বিকালে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই অনুষ্ঠানে গুণীজনদের থেকে নিজের প্রত্যাশা তুলে ধরেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমি সেই গুণীজন চাইযে দেশ, জাতি, জনগণ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি যখন আক্রমণের মুখে পড়ে, তখন তার কাজের ক্ষেত্রের বাইরে এসে জাতীয় রাজনৈতিক দুর্যোগে কলমের মধ্য দিয়ে, বুদ্ধির মধ্য দিয়ে কিংবা জিহ্বার মাধ্যমে অথবা মিছিলে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি ভূমিকা রাখবেন, জাতীয় কর্তব্য পালন করবেন।

“অর্থাৎ গুণীজনকে একাধারে দেশপ্রেমিক হতে হবে। যে গুণীজন দেশপ্রেমের নজির স্থাপন করতে পারবেন না, সমাজের জন্য একটা পর্যায়ে এসে তিনি বোঝা হয়ে যান।”

বর্তমানে দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গি দমনের যুদ্ধের ভেতর আছি। এ যুদ্ধ এখনো শেষ হয়নি। জঙ্গিরা পিছু হটেছে, কিন্তু এখনো আত্নসমর্পণ করেনি। জঙ্গিদের দোসররা এখনো চক্রান্ত করছে, তাদের পৃষ্ঠপোষকরা এবং জঙ্গি উৎপাদনের কারখানা একাত্তরের পরাজিত শক্তিও আছে।

“ফলে মাঝেমাঝেই আমরা ভয়াবহ সব আক্রমণের ঘটনা দেখছি, নজিরবিহীন ন্যক্কারজনক ঘটনা দেখছি। এই জঙ্গি দমনের যুদ্ধ এখন জাতীয় যুদ্ধ। একাত্তরের মতো এ যুদ্ধেও আমাদের জিততে হবে বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মানুষের জন্য, উন্নয়নের জন্য, ইতিহাস-ঐতিহ্যকে ঐক্যবদ্ধ করার জন্য।”

সমাজের গুণীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি সবাইকে রাজনীতি করতে বলি না। সবাইকে এমপি-মন্ত্রী হতে পরামর্শ দেই না। কিন্তু দেশপ্রেমকে ধারণ করে আপনারা দায়িত্ব পালন করবেন।”

অনলাইন সংবাদমাধ্যম বিবার্তা টোয়েন্টিফোর ডটনেট এর উদ্যোগে ‘গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে ১০টি ক্ষেত্রে ১১ জনকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- তোয়াব খান (সাংবাদিকতা), সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান (শিল্প-সংস্কৃতি), ডা. দীপুমনি (রাজনীতি), মাহবুব আরা গিনি (অদম্য নারী),জুনাইদ আহমেদ পলক (আইসিটি), এম এ গনি (প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক), মো. ইফতিখার-উজ-জামান (অর্থনীতি), মো. আব্দুর রাজ্জাক (সফল উদ্যোক্তা), মাবিয়া আক্তার সীমান্ত (ক্রীড়া) ও সানিয়া বিনতে মাহতাব (গবেষণা)।