২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট সুষ্ঠু হলে ব্যবধান হত অর্ধ লক্ষাধিক: রিজভী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে পরাজিত আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে বিজয়ী বিএনপি প্রার্থীর ভোটের ব্যবধান অর্ধ লাখের বেশি হত বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 07:29 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

ওই নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি ছিল বলে অভিযোগ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ভোটে হারিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।

ওই নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন শতভাগ সফল হয়েছে বলে ভোটের পরই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

তাদের এই বক্তব্য খারিজ করে শুক্রবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “বর্তমান সিইসি যতই সুষ্ঠু নির্বাচনের কথা বলুন না কেন, তিনি কুমিল্লায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছেন।

“যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হত তাহলে ভোটের ব্যবধান হত অর্ধলক্ষাধিক।”

এর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, আগের বার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে টার্ন আউট ছিল ৭৫ শতাংশের বেশি, সেখানে এবার ‘আওয়ামী সন্ত্রাসীদের ভয়ভীতির কারণে’ টার্ন আউট হয়েছে ৬৩ শতাংশ।

এই নির্বাচনে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, জোর করে সিল মারাসহ নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, “ভোট শুরুর দুদিন আগ থেকে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের ক্যাডার ও পুলিশ বিএনপির নেতা-কর্মী ও ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করেছে। নির্বাচনের আগের দিন রাতে বিএনপি-যুবদল-ছাত্রদলের ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে, যাতে করে ওই সকল নেতা কোনো কেন্দ্রে দায়িত্ব পালন করতে না পারেন।”

নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য নাকচ করে রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগের নেতারা ঘুমিয়ে ঘুমিয়ে বক্তব্য দেন বলে এই ধরনের কথা বলেন। এই ধরনের বিবৃতি না দিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ বা মন্ত্রিত্ব কোনোটাই থাকবে না।এটা তারা দেবেন, এটাই স্বাভাবিক।”

বিএনপি প্রার্থী জয়ী হওয়ায় কুমিল্লা সিটি করপোরেশনের ভোটারদের অভিনন্দন জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “ক্ষমতাসীন দলের এতো অনাচার, সন্ত্রাস ভেদ করে কুমিল্লা সিটি করপোরেশনের সাহসী ভোটাররা ভোট দিতে গেছেন এবং ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কুকে বিজয়ী করেছেন- এটা দুঃশাসনের বিরুদ্ধে জনগণের একটা বিশাল বিজয়।”

বিএনপির পক্ষ থেকে বিজয়ী প্রার্থী, সাধারণ মানুষ ও নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদেরও শুভেচ্ছা জানান রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যেবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মোসাদ্দেক হোসেন বুলবুল, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন উপস্থিত ছিলেন।