২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশৃঙ্খলার পর ছাত্রদলের ধানমণ্ডি থানা কমিটি বিলুপ্ত

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির পর জাতীয়তাবাদী ছাত্রদলের ধানমন্ডি থানা শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 01:20 AM

Updated : 19 Aug 2022, 03:59 PM

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

এতে বলা হয়, “ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক ধানমন্ডি থানা ছাত্র দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।”

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে বুধবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে মিলনায়তনের পিছন দিকে ধানমন্ডি থানা ছাত্র দলের নেতা-কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। নেতারা বার বার সর্তক করার পরও তারা একাধিকবার হৈ চৈ করে।

তাদের এ আচরণে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়সহ ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

ওই আলোচনা সভার পরপরই সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বসে ধানমণ্ডি থানা কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেন।