২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী স্বাধীনতার স্বার্থেই ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ জরুরি: ফখরুল

নারী মুক্তি ও নারী স্বাধীনতা নিশ্চিত করতে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে’ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 04:33 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

বুধবার ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে তিনি বলেন, কেবল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই নারী অধিকার ‘নিশ্চিত করতে’ পারে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন মহিলা দলের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। তার আগে হয় সংক্ষিপ্ত সমাবেশ।

বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন মানুষের ‘গণতান্ত্রিক সঙ্কট, গণতান্ত্রিক অধিকারের সঙ্কট’ চলছে।

“গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আন্তর্জাতিক নারী দিবসে আমাদের শপথ নিতে হবে, গণতন্ত্রকে মুক্ত করব, নারীদের অধিকার রক্ষা করব।

“আমাদের শপথ হবে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব, নারীর অধিকার নিশ্চিত করব। নারী মুক্তি, নারী স্বাধীনতা- এসব কিছুই নির্ভর করবে গণতন্ত্র মুক্তির ওপর।”

বিএনপি মহাসচিব দাবি করেন, বাংলাদেশে প্রথম নারী মুক্তি আন্দোলনের সূচনা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

“তিনিই প্রথম উপলব্ধি করেছিলেন, অর্ধেক জনসংখ্যাকে পেছনে ফেলে রাষ্ট্র নির্মাণ সম্ভব না। সে কারণে তিনি একটি মহিলা বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেন এবং নারীদের সবক্ষেত্রে প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া পরে এই উদ্যোগকে আরও বেগবান করেছিলেন।”

দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সমাবেশে বক্তব্য দেন।

বেলা ১২টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে নারী দিবসের শোভাযাত্রা শুরু হয়। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে তা শেষ হয়।

শোভাযাত্রায় নেতা-কর্মীরা নারী নির্যাতন, কর্মস্থলে নারীর পরিবেশ তৈরি, গ্যাসের দাম বাড়ানো এবং সরকারের ‘দমন-পীড়নের’ বিরুদ্ধে স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।