জিয়া-এরশাদের নীতিতে চলছে এই সরকার: সেলিম
বর্তমান সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ থাকলেও সামরিক শাসক জিয়া-এরশাদের নীতি ধরে চলছে বলে দাবি করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
“এরশাদ-খালেদা জিয়ার নীতি থেকে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ এক কদমও এদিক-ওদিক সরেনি,” বলেছেন তিনি।
দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে একথা বলেন সেলিম।
সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বের করে সিপিবি। দৈনিক বাংলা, গুলিস্তান, জিরো পয়েন্ট ও পুরানা পল্টন মোড় হয়ে কার্যালয়ের সামনে ফিরে শেষ হয় মিছিলটি।
আওয়ামী লীগের এক সময়ের জোটসঙ্গী দলটির সভাপতি সেলিম বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে দেশ একই ধারায় চলছে এবং আওয়ামী লীগ সরকারও তার ব্যতিক্রম নয়।
“চলছে বাণিজ্যিকীকরণ ও দুর্বৃত্তায়নের যুগ, এটাই হল পঁচাত্তরের পরবর্তী ধারা। এই ধারায় মোশতাক চলেছে, জিয়াউর রহমান চলেছে, এরশাদ চলেছে, খালেদা জিয়া চলেছে। আওয়ামী লীগের বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে সরকারও এরশাদ ও জিয়াউর রহমানের সেই নীতি থেকে এক কদমও এদিক-ওদিক সরে নাই।”
সিপিবির ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাজেদুল হক রুবেল, জাহিদ হোসেন খান, লুনা নূর প্রমুখ।
