সার্চ কমিটিতে হতাশ বিএনপি চেয়ে রাষ্ট্রপতি পানে
সার্চ কমিটি নিয়ে হতাশা থাকলেও রাষ্ট্রপতির কাছ থেকে ‘শক্তিশালী’ নির্বাচন কমিশন আশা করছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে মো. আবদুল হামিদ গ্রহণযোগ্য একটি ইসি গঠন করবেন।
নতুন ইসি নিয়োগে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার আগে শনিবার ঢাকা রিপো্র্টার্স ইউনিটিতে ‘অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
ফখরুল বলেন, “বলছে সাধারণ মানুষ, কী হবে? ওই যা ঠিক করে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটাই হবে। আমরাও দেখতে চাই আসলে উনি (রাষ্ট্রপতি) জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেন কি না।
“আমরা আশা করব, এই দীর্ঘ-অভিজ্ঞ রাজনীতিক, যিনি (রাষ্ট্রপতি) আজকে যে জায়গায় আছেন, তিনি এই জাতিকে এই সঙ্কট থেকে মুক্ত করতে পারেন। তিনি একটি নির্বাচন কমিশন দেবেন, যে কমিশন অন্তত শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে।”
“যদি না পারেন ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়ে তাদের নাম লিখিত হবে এবং ঐতিহাসিক দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হবেন। আর যদি পারেন ইতিহাসে সবচাইতে স্বর্ণখচিত জায়গায় নাম লেখা থাকবে,” বলেন ফখরুল।
আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগেই বিদায় নিচ্ছে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। তাদের উত্তরসূরি নির্বাচনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি।
এই সার্চ কমিটি গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি।
বিদায়ী ইসির সমালোচনা করে আসা বিএনপি সার্চ কমিটি নিয়েও প্রশ্ন তুলেছে।
জাগপার এই আলোচনা অনুষ্ঠানে ফখরুল এই দলটিসহ ২০ দলের ১৩টি দলকে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ না জানানোর সমালোচনাও করেন।
তিনি বলেন, “আপনি (রাষ্ট্রপতি) শপথ নিয়েছেন, আপনি রাগ-অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। আপনি কোনো রাজণৈতিক দলের নেতা এখন নন। আপনি সমগ্র বাংলাদেশের রাষ্ট্রপতি।
“আমরা আশা করব, আপনি পরবর্তী সময়ে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং সকল রাজনৈতিক দলকে যারা নিবন্ধিত, তাদের সকলকে আপনি আহবান জানাবেন, তাদের মতামত গ্রহন করবেন।”
অনুষ্ঠানে জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান বলেন, “জাগপাসহ ১২টি নিবন্ধিত দলকে মহামান্য রাষ্ট্রপতি সংলাপে কেন ডাকেননি, আমরা জানতে চাই। এজন্য আক্ষেপ আমার নেই। তবে লোকেরা বলে, ‘র’ এর পরামর্শে দেশের ১২টি নিবন্ধিত দলকে সংলাপে ডাকা হয়নি।”
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের গুরুত্বের কথা এই অনুষ্ঠানেও বলেন বিএনপি মহাসচিব।
“শুধু নির্বাচন কমিশন শক্ত হলে বা শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই হবে না, নির্বাচনকালীন যে সরকারটা থাকবে তাকে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে।”
“একটি সহায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং সকল দলের কাছে গ্রহণযোগ্য ও ইনক্লুসিভ হতে হবে সেই নির্বাচন- এটাই হচ্ছে মূল কথা। এর বাইরে এদেশের মানুষ অন্য কিছু মেনে নেবে না।”
সার্চ কমিটি নিয়ে প্রশ্ন থাকলেও তাদের আহ্বানে সাড়া দিয়ে নাম প্রস্তাবের বিষয়টি তুলে ধরে ফখরুল বলেন, চলমান রাজনৈতিক ‘সঙ্কটের’ অবসানে সরকারও এভাবে এগিয়ে আসবে তাই তারা চান।
ঢাকা মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় জাগপা নেতা রেহানা প্রধান, খোন্দকার লুৎফর রহমান, যুবদলের সা্বেক সহসভাপতি অ্যালবার্ট পি কস্টা বক্তব্য রাখেন।
