২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ পরিবারের নিরাপত্তায় নাগরিকত্ব আইন: বিএনপি

একটি বিশেষ পরিবার ও কিছু ব্যক্তির নিরাপত্তার জন্যই সরকার ‘নাগরিকত্ব আইন-২০১৬ খসড়া’ প্রণয়ন করছে বলে মন্তব‌্য এসেছে বিএনপির কাছ থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 08:04 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

শুক্রবার বিকালে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই আইনের উদ্দেশ্য কী? অনেকে আলোচনা করেছেন, তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে যেটা বুঝি, এই আইনের উদ্দেশ্য হচ্ছে, তাদের (শাসকদল) ক্ষমতাকে আরও বেশি সংহত করা, শাসকগোষ্ঠির নিরাপত্তা প্রদান করা।

“অনেকে আলোচনা করেছেন, কোনো একটি নির্দিষ্ট পরিবার বা কিছু ব্যক্তি বা শাসকগোষ্ঠির কিছু মানুষকে শুধুমাত্র প্রটেকশন দেওয়ার জন্যই এই আইন করা হচ্ছে।”

সরকারের এরকম আইনের খসড়ার বিরুদ্ধে সারাদেশে জনমত গড়ে তোলার আহ্বান জানান ফখরুল।

গুলশানেরলেকশোর হোটেলে বিএনপির উদ্যোগে বাংলাদেশ নাগরিকত্ব আইন-২০১৬ খসড়া নিয়ে এই আলোচনা সভা হয়। এতে বিএনপির সমর্থিত শিক্ষাবিদ ও আইনজীবীসহ পেশাজীবী নেতারা অংশ নেন।

গত বছরের ১ ফেব্রুয়ারি এই আইনের খসড়ায় প্রাথমিক অনুমোদন দেয় মন্ত্রিসভা।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রস্তাবিত নাগরিকত্ব আইনটি আইন মন্ত্রণালয়ে এসেছে ভেটিংয়ের জন‌্য।

নাগরিকত্ব আইনের খসড়ায় প্রবাসীদের বিষয়ে প্রস্তাবনার সমালোচনা করে ফখরুল বলেন, “এই খসড়ায় প্রবাসীদের কথা বলা হয়েছে যে, তারা দেশে ফিরে আসলে ৬ বছরের আগে কোনো রাজনৈতিক দল করতে পারবে না, কোনো সংগঠন করতে পারবে না, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে না। এরকম একটা অদ্ভুত আইন এটি। মানুষের অধিকার হরণে এ রকমের আইন হতে পারে না- এটা আমরা কল্পনাও করতে পারিনা।”

সরকার মৌলিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “নাগরিকত্ব আমার মৌলিক অধিকার। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রাকৃতিক অধিকার। যেখানে আমি জন্মগ্রহণ করব, সেখানে আমার নাগরিকত্ব থাকবে। আজকে মানুষকে নাগরিকত্বহীন করা হচ্ছে।”

দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “আইনটির খসড়া দেখে মনে হচ্ছে এটি হয় অপরিপক্কতা না হয় অমনোযোগিতায় করা হয়েছে। তা নাহলে এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। তাদের মাইন্ডসেটে কি আছে, কি উদ্দেশ্যে করেছেন, তা তো আমরা জানি না। এটা কী অমিশন, এটা কী ছেলে-খেলা?

“আমি বলব, যেহেতু এই বিলটি এখনও সংসদে উঠে নাই। তাই সরকারের একটা সুযোগ আছে, এটাকে জনগণের কাছে তুলে ধরার, আলাপ-আলোচনা ও মতবিনিময় করার। তখন দেখা যাবে আইনটিকে আরও পরিশুদ্ধ ও অনেক উন্নতমানের করা যাবে।”

দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, “এই সংসদের কোনো জনপ্রনিধিত্ব নেই। এই সংসদে কোনো আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে তা উচ্চ আদালতে টিকবে না।

“তবে আমি বলতে চাই, এই সেমিনার কিংবা আলোচনা সভার মাধ্যমে অবৈধ সরকারের আইন ঠেকানো যাবে না। এর ফয়সালা হয় আদালত না হয় রাজপথেই করতে হবে।”

সাংবাদিক শওকত মাহমুদ বলেন, “এই আইনটির উদ্দেশ্য হচ্ছে, একটি পরিবারের অনেক বিদেশি নাগরিক রয়ে গেছেন, তাদের হয়ত নাগরিক বানাতে হবে। এমন অনেক নাগরিক আছেন, যাদের বাংলাদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণেই- এটিই হচ্ছে এই নাগরিকত্ব আইন-২০১৬ এর মূল স্পিরিট।”

দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় আলোচনা সভায় অন‌্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মাইনুল আহসান খান, অধ্যাপক বোরহানউদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান, সাংবাদিক মাহফুজউল্লাহ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন প্রমুখ বক্তব্য রাখেন।

খসড়া আইনের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ফাহিমা নাসরিন মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।