তারেকের বিরুদ্ধে পরোয়ানা ‘সরকারের ইচ্ছায়’: বিএনপি
তারেক রহমানে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘সরকারের ইচ্ছা’য় হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় সরকার জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য একের পর এক মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ তথা সকল বিভাগই এখন সরকারের ইচ্ছায় পরিচালিত হচ্ছে।
“দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি সরকারের ইচ্ছার প্রতিফলন বলে আমরা মনে করি। আমি বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
বৃহস্পতিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে হাজির না হওয়ায় ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এই আদেশ দেন।
গত নয় বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যের অবস্থান করা তারেকের বিরুদ্ধে আরও কয়েক ডজন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মুদ্রা পাচারের এক মামলায় তার সাত বছরের সাজার রায়ও হয়েছে গতবছর।
তিনি বলেন, “রামপালে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতাল চলাকালে প্রতিবাদী জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও টিয়ার গ্যাস নিক্ষেপ এবং গুলিবর্ষণ করেছে। এই খবর সংগ্রহকালে দুই জন সাংবাদিক পুলিশি নির্যাতনে শিকার হয়েছেন। আমি বিএনপির পক্ষ থেকে এই পুলিশি পৈশাচিক নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, কেন্দ্রীয় নেতা আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে তারেক রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনগুলেো বিক্ষোভের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
যুবদল: শুক্রবার সারাদেশে থানা, শনিবার জেলায় জেলায় এবং ২৯ রোববার ঢাকামহানগরসহ বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সহ-দপ্তর সম্পাদক সারোয়ার হোসেন।
স্বেচ্ছাসেবক দল : শুক্রবার মহানগর-জেলা এবং শনিবার থানা-উপজেলা-পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন সংগঠনের দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু।
ছাত্রদল:সংগঠনের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি জানিয়েছেন, শনিবার জেলা-মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
