বিএনপির ‘ধৈর্যের’ প্রশংসায় নাসিম
বিএনপির ‘ধৈর্যের’ প্রশংসা করে আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, “আমি বিএনপিকে বলব, আপনারা এক বছর ধৈর্য ধরেছেন। আরেকটু ধৈর্য ধরুন। নির্বাচন পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকুন।”
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শনিবার দুপুরে ১৪ দলের বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন জোটের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি ভোটের পরের বছর সহ্সি আন্দোলনে নামলেও গত এক বছর ধরে কোনো কর্মসূচি দেয়নি।
আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর দলটি নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিয়েছে, যে ইসির অধীনে পরবর্তী সংসদ নির্বাচন হবে।
ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে সাড়া দেওয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, বিএনপি নির্বাচনে আসবে।”
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির আলোচনায় বসার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, “সে সুযোগ নেই। আলোচনা হবে রাষ্ট্রপতির সাথে। আর এটা সরকারের দায়িত্ব না, নির্বাচন করবে নির্বাচন কমিশন।”
গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ১৪ দল।
বিরোধী দলকে দমন-পীড়ন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের বিষয়ে নাসিম বলেন, “বিরোধীদের দমন করা হচ্ছে না। বিরোধী দলগুলো ধৈর্য দেখাচ্ছে। তারা নির্বাচন পর্যন্ত ধৈর্য দেখাক না।”
১৪ দলে ভাঙনের চেষ্টা চলছে বলে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “২/১ টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। কিন্তু ১৪ দলে আন্তরিক সম্পর্ক বিদ্যমান।”
আগামী ২০ ও ২১ জানুয়ারি বগুড়া ও রংপুরে ১৪ দল শীতবস্ত্র বিতরণ করবে বলে জানান নাসিম।
১৪ দলের বৈঠকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আক্তার, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ উপস্থিত ছিলেন।
