বি চৌধুরী অসুস্থ, সংলাপ হয়নি
বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর অসুস্থতার কারণে দলটির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।
দলটির প্রতিনিধিরা আগামী ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে যাবেন বলে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজার প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ; শনিবার বিকল্পধারার সঙ্গে আলোচনার সময় নির্ধারিত ছিল।
জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার খুব অসুস্থ, কথা বলতে পারছেন না। মহামান্য রাষ্ট্রপতির সাথে আজকের নির্ধারিত সংলাপের সময়সূচি পরিবর্তনের জন্য দুপুরে বঙ্গভবনকে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংলাপের সময়সূচি পূনঃনির্ধারণ করা হয়েছে।”
বঙ্গভবনের পক্ষ থেকেও বিকল্পধারার সংলাপের সময় পুনর্নির্ধারিত হওয়ার বিষয়টি জানিয়েছে।
শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি‘র সঙ্গেও রাষ্ট্রপতির আলো্চনার কথা রয়েছে।
গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ পর্ব শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
