কর্মসূচিতে বাধা সংঘাতের উসকানি: ফখরুল
সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিলে কর্মসূচিতে পুলিশ ও সরকার সমর্থকরা বাধা দিয়ে সংঘাতের উসকানি দিচ্ছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দশম সংসদ নির্বাচনের তৃতীয় বছর পূর্তির দিন বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে বাধার খতিয়ান নিয়ে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এসে এই দাবি করেন তিনি।
এই দিনটি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। দিনটিতে ঢাকা ছাড়া সব জেলায় কালো পতাকা কর্মসূচি দিয়েছিল দলটি। অন্যদিকে ‘গণতন্ত্রের বিজয় দিবসের’ কর্মসূচি নিয়ে রাজপথে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগও।
দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে কয়েকটি স্থানে সংঘাত হয়েছে। বরিশালে বিএনপির উপর হামলা হয়েছে। নওগাঁ, সিলেট, নারায়ণগঞ্জে কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
ফখরুল বলেন, “আমাদের দল যখন বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছিল, তখন এক দিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা পুলিশ-র্যাব ব্যবহার করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে। অন্যদিকে তাদের দলীয় পেটোয়া বাহিনী দিয়ে এই কর্মসূচি বানচালের চেষ্টা করেছে।”
“আমাদের নয়া পল্টনের অফিসের সামনে প্রজন্ম লীগ নামে তাদের একটি পেটোয়া বাহিনী এসে আমাদের ব্যানার পুড়িয়ে দেয় এবং তাণ্ডব সৃষ্টি করে একজন কর্মীকে মারধর করে।”
বরিশালে হামলায় আহত বিএনপি নেত্রী আফরোজা খানম রোজি
“পুলিশের উপস্থিতিতে এটা হয়েছে। পুলিশের উপস্থিতিতে যখন এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের প্রভোকেশন (উসকানি) সরকার করছে। অর্থাৎ তারা চাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে বিএনপিকে একটা উত্তেজনাকর অবস্থার মধ্যে নিয়ে যাওয়া বিএনপিকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া,” বলেন ফখরুল।
তিনি সরকারের উদ্দেশে বলেন, “আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমরা সংঘাত চাই না। আমরা সংঘাত এড়িয়ে গণতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই।”
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামী ৭ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ উপলক্ষে এক যৌথসভার পর সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।
নারায়ণগঞ্জে পুলিশের বাধার মুখে বিএনপি নেতারা
বিএনপির কালো পতাকা মিছিল বানচাল করার লক্ষ্যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে দাবি করে ফখরুল বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতে সরকার আগে থেকেই তাদের নেতারা ঘোষণা দিলেন, বিএনপিকে ৫ তারিখ মাঠে নামতে দেওয়া হবে না।
“এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে? এ থেকে এটাই প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।”
সরকার ‘সম্পূর্ণ গণবিচ্ছিন্ন’ হয়ে বিরোধী দলের উপর খড়গহস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, “দেশে সন্ত্রাস-হত্যা-গুম-খুন যেভাবে ঘটছে যে রাষ্ট্র আছে বলে মনে হয় না। আমরা মনে করি, আওয়ামী লীগের সরকারে থাকার নৈতিক কোনো অধিকার নেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার। তাদের উচিৎ অবিলম্বে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের হাতে সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে, বলেন তিনি।
সমাবেশে থাকবেন খালেদা
৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে পুলিশের অনুমতি না পেলেও দলের প্রস্তুতির কথা জানিয়েছেন ফখরুল।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিনি বলেন, “আমরা যৌথসভায় সমাবেশ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেদিন দুপুর দেড়টায় এটা শুরু হবে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই জনসভায় আমরা আশা করছি, ব্যাপক সংখ্যক জনগণ নিয়ে এই জনসভাটি করতে পারব।
“এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।”
সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ওবায়দুল ইসলাম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, খন্দকার আবু আশরাফ উপস্থিত ছিলেন।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন অ্যালবার্ট পি কস্টা, ইশতিয়াক আজিজ উলফাত, খন্দকার আবু আশরাফ, মিলন মেহেদী, হাফেজ আবদুল মালেক, আবুল কালাম আজাদ, মীর আলী নেওয়াজ, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।
