জল ঘোলা করবেন না: বিএনপিকে আ. লীগ নেতারা
আন্দোলনের নামে বিএনপি আবার দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে দাবি করে দলটির নেতাদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের নেতারা।
দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন ক্ষমতাসীন দলটির নেতারা।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু বলেন, “আবার তারা পানি ঘোলা করতে চায়। আন্দোলনের নামে মানুষ হত্যা করতে চায়। যেমনিভাবে ২০১৫ সালে গণতন্ত্রের কালো দিবস পালনের নামে নিরীহ মানুষগুলোকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে হত্যা করেছিল।”
“আমরা আশা করি, বিএনপি আর সন্ত্রাসের পথে যাবে না, নাশকতার পথে যাবে না। যদি যায় তাহলে তাদের চরম মূল্য দিতে হবে,” বলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকে আওয়ামী লীগ। দিনটি তারা ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে সেই নির্বাচন বর্জনকারী বিএনপি দিনটি পালন করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে।
ভোট ঠেকাতে ব্যর্থ হওয়ার পর ২০১৫ সালের ৫ জানুয়ারিতে কর্মসূচি পালন করতে বাধা পেয়ে সরকার পতনের আন্দোলন শুরু করেছিল বিএনপি। তিন মাসের ওই আন্দোলনে বিএনপি ব্যর্থ হলেও নাশকতায় প্রাণ হারিয়েছিল শতাধিক মানুষ।
বিএনপিকে উদ্দেশ করে শিল্পমন্ত্রী আমু বলেন, “দুই-দুবার শিক্ষা দেওয়া হয়েছে। যদি শিক্ষা না পেয়ে থাক, তাহলে ২০১৯ সালের নির্বাচনে বাংলার মানুষ তোমাদের চিরদিনের মতো গণতন্ত্রের শিক্ষা দিয়ে দেবে।”
এবার ৫ জানুয়ারিতে বিএনপি ঢাকা বাদে সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয়। অন্যদিকে আওয়ামী লীগ সারাদেশে সমাবেশ-শোভাযাত্রা করে।
দশম সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে বৃহস্পতিবার ‘গণতন্ত্র রক্ষা দিবসের’ কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থক সংগঠনের মানববন্ধন
ঢাকায় দুটি সমাবেশ করে ক্ষমতাসীন দলটি; একটি হয় ধানমণ্ডির রাসেল স্কয়ারে, যার আয়োজক ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউতে অন্য সমাবেশটির আয়োজক ছিল মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে আমু ও রাজ্জাক বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, সাংসদ শেখ ফজলে নূর তাপস, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
দিনটি পালনের গুরুত্ব তুলে ধরে আমু বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে হত্যা করার উদ্দেশ্যে আন্দোলনের নামে বিএনপি ৫ জানুয়ারি গণহত্যা চালিয়েছিল। সেই পরিস্থিতি অত্যন্ত যোগ্যতার সঙ্গে মোকাবিলা করে শেখ হাসিনা রক্ষা করেছিলেন।”
হানিফ বলেন, “সব ইস্যু হারিয়ে খালেদা জিয়া এখন মিথ্যা কর্মসূচি দিয়ে মাঠে নামতে চাচ্ছেন। আজকে তারা সারা বাংলাদেশে গণতন্ত্র হত্যা দিবস পালনের কর্মসূচি দিয়েছিল। কিন্তু কোথাও তাদের নেতা-কর্মীকে দেখা যায়নি। জনগণ তাদের প্রতিহত করেছে।”
রাসেল স্কয়ারের সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান।
দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন বৃহস্পতিবার ঢাকার রাসেল স্কয়ারের সমাবেশে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম
তিনি বলেন, “নির্বাচনই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একমাত্র হাতিয়ার। ইউনিফর্ম পরে ক্যান্টনমেন্টে থেকে বের হয়ে সাঁজোয়া গাড়িতে করে কেউ আপনাকে সিংহাসনে বসিয়ে দেবে না।
“আপনাকে (খালেদা) মাঠে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে, মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে। জনগণ যাদের নির্বাচিত করবে তারাই দেশ শাসন করবে।”
খালেদার উদ্দেশে আশরাফ বলেন, “নির্বাচন বর্জন করে মানুষ হত্যা করে কী পেলেন? এবং ভবিষ্যতে কী পাবেন সেটা আপনাকে ভাবতে হবে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা সমাবেশে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই সমাবেশে উপস্থিত ছিলেন।
মতিয়া চৌধুরী বলেন, “দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকবে। গণতন্ত্রের মাধ্যমে বিএনপি ও জামায়াত-শিবিরের নাশকতার জবাব দেবে।”
খালেদা জিয়া নিজের ছেলেকে ‘বিদেশে নিরাপদে রেখে অন্যের ছেলেদের আন্দোলনে নামাতে উৎসাহিত করছেন’ বলে মন্তব্য করেন তিনি।
“আপনার ছেলে বিদেশে মার্সিডিজ বেঞ্জে করে ঘুরে বেড়াচ্ছেন। আর, আপনি এখানে অন্যের ছেলের হাতে ফেন্সিডিল আর গুলি বোমা তুলে দিয়ে মাঠে নামতে বলছেন! আপনি ফিনফিনা কাপড় পরে ভালো সাজুগুজু করতে পারেন, কিন্তু দেশ সাজাতে আপনি পারেন না।”
নারায়ণগঞ্জ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তার প্রমাণ মিলেছে মন্তব্য করে মতিয়া বলেন, “২০১৯ সালের জাতীয় নির্বাচনেও আপনার (খালেদা) জনপ্রিয়তার প্রমাণ হবে।”
