জনগণ পক্ষে থাকলে এখনই জাতীয় নির্বাচন দিন: মওদুদ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর জয়কে ‘জনগণ সরকারের পক্ষে থাকার প্রমাণ’ হাজির করায় তা যাচাইয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ।
শনিবার রাজধানীতে এক আলোচনা তিনি বলেন, “নারায়ণগঞ্জের নির্বাচনের পর সরকার বলছেন, জনগণ তাদের পক্ষে, জনমত তাদের পক্ষে। এতো বড় বিজয়ের পর আমার মনে হয় উত্তম হবে, এই সরকারের উচিত হবে এখন অবিলম্বে একটি নিরপেক্ষ বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যেহেতু আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে, জনগণ আপনার পক্ষে আছে। আপনি এখনই তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দিন এবং সেই নির্বাচনে যারাই জিতবে, জনগনের ম্যান্ডেট যারা পাবে, তারাই দেশ পরিচালনা করবে।”
নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে করতে আসেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করেই এসব কথা বলেন মওদুদ।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরামের উদ্যোগে ‘স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
মওদুদ বলেন, “যদি জনগণ তাদের (ক্ষমতাসীন দল) পক্ষে থাকে তাদের তো আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসুন, প্রশাসন ছেড়ে দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীন করে দিয়ে, নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়ে আমরা একটা নির্বাচন করি। এটা একটা বিরাট সুযোগ তাদের (সরকার) জন্যে।”
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাব নিয়ে সাবেক আইনমন্ত্রী বলেন, “এটি অত্যন্ত ইতিবাচক একটি প্রস্তাব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলি, নির্বাচন কমিশনকে আমরা একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।”
তিনি বলেন, “নির্বাচন কমিশনকে শক্তিশালী যতই করা হোক না কেন, এই কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না যদি কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকে। সেই দলীয় সরকারের অধীনে জনপ্রশাসন থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।
“সুতরাং সেখানে সুষ্ঠু নির্বাচন করার জন্য, স্বাধীনভাবে কাজ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় এবং হবে না।”
১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করেছে বলে দাবি করেন মওদুদ।
নির্বাচন কমিশন গঠনের পর সহায়ক সরকার বিষয়েও রাষ্ট্রপতির সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
“রাষ্ট্রপতির এই সংলাপ অব্যাহত থাকা উচিত। যতদিন না পর্যন্ত আমরা দ্বিতীয় পদক্ষেপের ব্যাপারে আমরা সমাধান আনতে না পারবো। অর্থাৎ এমন একটি সরকারের ব্যবস্থা এই সংলাপের মাধ্যমে ধারাবাহিকতা থাকবে, অব্যাহত থাকবে। যাতে করে শেষ পর্যন্ত এই সংলাপের মাধ্যমে এমন একটি ব্যবস্থা করতে পারি যাতে করে দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারি।”
নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী বক্তব্য রাখেন।
