সংলাপের তারিখ পাল্টাতে চায় জাসদ
নতুন নির্বাচন কমিশনের গঠনের প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের তারিখ পুনর্নির্ধারণের জন্য বঙ্গভবনে আবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশ।
দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত আবেদনটি রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়ার কাছে জমা দেওয়া হয়েছে বলেন জাসদের সহ-দপ্তর সম্পাদক সাজাদ হোসেন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে জাসদের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ ২২ ডিসেম্বর নির্ধারিত রয়েছে। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী আন্তর্জাতিক একটি সম্মেলনে এসময় দেশের বাইরে অবস্থান করবেন।
“তাই সময় পুনর্নির্ধারণের জন্য আবেদন করা হয়েছে। সেই সঙ্গে দলের ১২ জনের তালিকাও জমা দেওয়া হয়েছে।”
আবেদনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারিত ২২ ডিসেম্বর বিকাল ৩টায়। কিন্তু জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে ওআইসি তথ্যমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণ করতে ১৮-২৩ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অবস্থান করবেন।
এ অবস্থায় সংলাপের তারিখ ২২ ডিসেম্বরের পরিবর্তে ২৬ অথবা ২৭ ডিসেম্বর নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে আবেদনে।
রোববার দুপুরে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবের কাছে জাসদের আবেদন হস্তান্তর করেন সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। এসময় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ও জাসদ সহ-সভাপতি হাবিবুর রহমান শওকত উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাসদের সংলাপের তারিখ পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে।”
আগামী ২৬ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন একজন জাসদ নেতা।
সংলাপে জাসদের যে ১২ জন
হাসানুল হক ইনু, শিরীন আখতার, রেজাউল করিম তানসেন, লুৎফা তাহের, রবিউল আলম, মীর হোসেন আক্তার, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত, শাহ জিকরুল আহমেদ, নুরুল আক্তার ও নাদের চৌধুরী।
