নজর এখন বঙ্গভবনে
বছরের শেষ প্রান্তে এসে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার প্রেক্ষাপটে সবার দৃষ্টি এখন বঙ্গভবনে।
‘সবার কাছে গ্রহণযোগ্য’ একটি নির্বাচন কমিশন গঠন করতে রোববার বিকালে বঙ্গভবনে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ।
প্রথম দিন বিকাল সাড়ে ৪টায় সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনায় বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতি বসবেন মঙ্গলবার বিকাল ৩টায়। পরদিন বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটি পার্টি (এলডিপি) ও সাড়ে ৪টায় কৃষক-শ্রমিক জনতা লীগ এবং বৃহস্পতিবার বিকাল ৩টায় সরকারের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির।
গত বৃহস্পতিবার সংলাপ সূচি ঘোষণা করে বিএনপির ১০ সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল বঙ্গভবনের পক্ষ থেকে। তার পরিপ্রেক্ষিতে বিএনপি ১০ জনের তালিকাও পাঠিয়েছিল।
কিন্তু পরে বিএনপি আরও তিন নেতাকে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। ফলে প্রতিনিধি দলের সদস্য ১৩ জনে দাঁড়ায়।
বিএনপির প্রতিনিধি দলে খালেদা জিয়ার সঙ্গে থাকছ্নে- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বঙ্গভবনে বিএনপির পাঠানো প্রতিনিধিদলের তালিকায় তরিকুল ইসলাম ও মির্জা আব্বাসের নামও ছিল। কিন্তু অসুস্থতার কথা জানিয়ে তরিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তিনি যেতে পারছেন না। আর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা মির্জা আব্বাস এখনও ফেরেননি বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দলের স্থায়ী কমিটির অপর সদস্য এমকে আনোয়ারও অসুস্থ। এ কারণে তার নাম তালিকায় রাখা হয়নি বলে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীন বিএনপি সব রাজনৈতিক দলের আস্থাশীল ইসি গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে আসছে, যাদের অধীনে আগামী সাধারণ নির্বাচন হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই, সব দলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন রাষ্ট্রপতি। যে কমিশন দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতার পরিচয় দিতে পারবে।”
দশম সংসদ নির্বাচনের আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া; ওই নির্বাচন বিএনপি বর্জন করেছিল (ফাইল ছবি)
গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের দাবির কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসব। আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চাই। এ ব্যাপারে রাষ্ট্রপতির কাছে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক অনুরোধ থাকবে।”
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বসবে বঙ্গভবনের দরবার হলে। এ জন্য সব প্রস্তুতিই তারা নিয়েছেন।
প্রথম পাঁচটি দলের পর চলতি সপ্তাহে আরও কয়েকটি রাজনৈতিক দলকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হবে বলে বঙ্গভবনের একজন কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন
