‘নীরব’ ভোটে নজর বিএনপির, ‘সুচিন্তিত রায়ের’ আশায় আ. লীগ
স্থানীয় সরকার নির্বাচন হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোটে জাতীয় রাজনীতির প্রতিফলন ঘটবে বলে আশাবাদী বিএনপি বলছে, সরকারবিরোধী মনোভাবের ‘নীরব’ ভোটারদের রায়ে জয়ী হবেন তাদের প্রার্থী।
অপরদিকে সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াৎ আইভীর সময়ে উন্নয়ন ও তার ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাওয়া আওয়ামী লীগ বলছে, ভোটারদের ‘সুচিন্তিত রায়’ নৌকার পক্ষেই আসবে।
বুধবার প্রধান দুই দলের স্থানীয় নেতাদের কথায় পাওয়া গেছে এমন বক্তব্য; যখন উৎসবমুখর পরিবেশে ব্যাপক প্রচারণায় ব্যস্ত পুরো নগরী।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা এখন আর স্থানীয় সরকারের নির্বাচন নেই। জাতীয় রাজনীতির একটা রূপ পেয়েছে। ‘বোবা’ ভোট বলতে একটা কথা আছে। বিএনপির আলাদা একটা ভোট ব্যাংক আছে।”
এছাড়া ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নানা ‘অপকর্মের’ কারণেও অনেক নির্দলীয় ব্যক্তির ভোট বিএনপির বাক্সে পড়বে বলে মনে করছেন তিনি।
“বোবা ভোট বলে ভোটারদের অপমান করছে বিএনপি। বোবা বলতে কিছু নেই। মানুষ অনেক সুচিন্তিত মত দেয়। তারা আওয়ামী লীগের উন্নয়নের পক্ষে মত দেবে।”
প্রার্থীর ভাবমূর্তি, উন্নয়ন এবং দলীয় প্রতীক সব কিছু মিলেই নৌকার পক্ষে নারায়ণগঞ্জের মানুষের রায় আসবে বলে আশাবাদী নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীও।
নির্বাচনে প্রার্থী হয়ে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়া বিএনপির সাখাওয়াত হোসেন খান ১৩ বছর ধরে নারায়ণগঞ্জ পৌরসভা ও নারায়ণগঞ্জ সিটির সর্বোচ্চ পদে থাকা আইভীর বিরুদ্ধে ‘অতো সুবিধা’ করতে পারবেন না, এমন আলোচনা আছে ভোটারদের মধ্যেও।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কামাল বলেন, “ক্লিন ইমেজের একজনকে প্রার্থী করেছেন খালেদা জিয়া। নেতাদের কাউকে দিলে মামলার কারণে তারা সেভাবে সুবিধা করতে পারতেন না। সাত খুন মামলায় সাহসী ভূমিকার কারণে তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে অনেকটা জনপ্রিয়।”
প্রচারণায় সরগরম নগরী
আনুষ্ঠানিক প্রচারের দশম দিনেও সরগরম ছিল দ্বিতীয়বারের মতো সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজে থাকা নারায়ণগঞ্জ।
সকালে নারায়ণগঞ্জ ক্লাবে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেন মেয়র প্রার্থী ও কাউন্সিলররা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেই প্রত্যাশা ব্যক্ত করেন অধিকাংশ বক্তা।
সকাল ১০টার দিকে নগরীর শায়েস্তা খান রোডে প্রার্থীর প্রধান নির্বাচনী ক্যাম্প ও মিডিয়া সেন্টার উদ্বোধন করে বিএনপি।
উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মেদ।
নৌকার প্রার্থী আইভী গতবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে সেনাবাহিনী চাইলেও এবার তা না চাওয়ার সমালোচনা করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, “তিনি (আইভী) গতবারও প্রার্থী ছিলেন। তখন আকুল হয়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলেন, নির্বাচন কমিশনেও সেনা মোতায়েনের কথা বলেছিলেন; কিন্তু আওয়ামী লীগ সরকার সেনা মোতায়েন করেনি। একই প্রার্থী এবার সিইসির প্রতিধ্বনি করে সেনা লাগবে না বলছেন।”
“এবার আমি সেনাবাহিনী চাইনি। তবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সেনাবাহিনী নয়, যে কোনো বাহিনী মোতায়েন করতে পারে।”
বিকালে শীতলক্ষ্যার ওপারে বন্দর থানা এলাকার ২৪ নম্বর ওয়ার্ডে প্রচার চালান আইভী।
সেখানে তিনি বলেন, “আবার নির্বাচিত হতে পারলে চলমান কাজগুলোকে শেষ করাই হবে আমার প্রথম কাজ।”
সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে দাবি করে তিনি বলেন, “৫০ বছর যাবৎ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এবং বন্দর অংশ অবহেলিত ছিল। তাই ৫০ বছরের কাজ ৫ বছরে শেষ করা কোনোভাবেই সম্ভব নয়।”
বিকালে বিএনপির প্রার্থী গণসংযোগ করেন নগরীর ৯ নম্বর ওয়ার্ডে জালকুঁড়ি এলাকায়।
সিদ্ধিরগঞ্জ এলাকার সাবেক এমপি গিয়াস উদ্দিন বলেন, “সরকার দলীয় নেতাকর্মীদের নানা রকম অপকর্মের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর সুনাম-সুখ্যাতি নষ্ট করা হচ্ছে। তাই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করতে মানুষ আগ্রহ নিয়ে আছে।”
অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও পথসভায় উপস্থিত ছিলেন।
