২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভী বলছেন ধারাবাহিকতা, প্রতিশ্রুতির ঝুলি সাখাওয়াতের

আনুষ্ঠানিক প্রচারের সপ্তাহ পেরিয়ে তুমুল গণসংযোগে মুখর নারায়ণগঞ্জ, স্থানীয়দের সঙ্গে বড় দুই দলের কেন্দ্রীয় নেতারাও এখন প্রার্থীর সঙ্গে ভোট চাইতে নেমেছেন।

মাসুম বিল্লাহ

ও মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 08:37 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

কেউ বলছেন রাস্তাঘাট আরও মজবুত ও ড্রেনেজ ব্যবস্থা চওড়া করার কথা, কেউ বলছেন মেডিকেল কলেজ ও সেতু নির্মাণের কথা; কারও প্রতিশ্রুতিতে আছে মাদকমুক্ত আধুনিক নগরী গড়ার অঙ্গীকার। এমনই অসংখ্য প্রতিশ্রুতি নিয়ে দিয়ে চলেছেন প্রার্থীরা।

গত এক দশকের বেশি সময় নারায়ণগঞ্জবাসীর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করা আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলছেন, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার কথা।

অন্যদিকে এই নির্বাচনে প্রার্থী হয়ে রাজনীতির মাঠে সক্রিয় হওয়া বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স কমানো, শীতলক্ষ্যা নদীতে সেতু তৈরি করে নারায়ণগঞ্জবাসীর মধ্যে ‘বন্ধন’ গড়াসহ এ ধরনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

তবে সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠা সাখাওয়াতকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ‘ক্লিন ইমেজের’ লোক হিসেবে বেছে নিলেও দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এখনও তিনি তেমন সাড়া ফেলতে পারেননি বলে কথা এসেছে দলটির নেতাদের কাছ থেকেই।

ঢাকা থেকে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গণসংযোগেও তিনি বেশিরভাগ সময় থাকছেন না বলে অনেকে অভিযোগ করেছেন। 

Image
নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডে সোমবার গণসংযোগে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডে সোমবার গণসংযোগে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

Image
নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান।

২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে আইভী-সাখাওয়াতসহ সাত দলের সাতজন মেয়র পদে এবং ২৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫৬ ও নয়টি সংরক্ষিত নারী আসনে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ শহরের স্থানে স্থানে প্রচারণা মাইক থেকে ভেসে আসছে ভোট চেয়ে নানা রকম গান, প্রার্থীদের প্রচারপত্র আর পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

সকালে ১৩ নম্বর ওয়ার্ড দিয়ে সূচনা হয় আইভীর অষ্টম দিনের প্রচার। সেখানকার জামতলায় এমপি শামীম ওসমানের শ্বশুর বাড়িতে গিয়েও ভোট চান তিনি।

সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকার হায়দার আলী সড়কের বাড়িতে গিয়ে শামীমের শাশুড়ি শামসুন্নাহারের কাছে গিয়ে ভোট ও দোয়া চেয়ে আসেন আইভী।

ওই এলাকায় গণসংযোগকালে সদ্য বিদায়ী মেয়র আইভী উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য জনতার রায় চান।

‘লংটার্ম, মিডটার্ম ও শর্টটার্ম’ ভিশনকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, “পৌরসভার মেয়র থাকার সময় আমি এই রাস্তাঘাট, ড্রেন করেছিলাম; এটা ২০০৪ বা ২০০৫ এর দিকে। এখন সেই রাস্তাঘাট আরও মজবুত করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা আরেকটু চওড়া করা হচ্ছে।”

Image
নারায়ণগঞ্জ শহরের প্রায় সব মোড়েই এখন শোভা পাচ্ছে ভোটের পোস্টার

নারায়ণগঞ্জ শহরের প্রায় সব মোড়েই এখন শোভা পাচ্ছে ভোটের পোস্টার

আইভী বলেন, গ্যাস ও পানি সিটি কর্পোরেশনের নয়। নারায়ণগঞ্জ অঞ্চলে পানি ঠিক আছে। সিদ্ধিরগঞ্জে পানির একটু সমস্যা আছে। এটা ঢাকা ওয়াসা দেখবে।

“কিন্তু এ কাজে যতটুকু সহায়তা করার ঢাকা ওয়াসাকে তা করছি।”

সেখানে ইসদাইর, মাসদাইর, গলাচিপা এলকার গণসংযোগে ব্যস্ত সময় কাটান আইভী।

এরপর বিকাল সোয়া ৪টার দিকে ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলপাড়া, জিমখানা সড়ক, বঙ্গবন্ধু সড়ক ও নিতাইগঞ্জ এলাকায় গণসংযোগ করতে গেলে তার সঙ্গে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সেখানে আইভী সাংবাদিকদের বলেন, “নারায়ণগঞ্জে খুব শান্ত ও উৎসবমুখর পরিবেশ রয়েছে। এখন পর্যন্ত আমি খারাপ কোনো কিছু পাইনি।”

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে তিনি বলেন, “আচরণবিধি লঙ্ঘন করব কেন? আমি সবচেয়ে বেশি আচরণবিধি মেনে চলছি।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আইভী সরকার ও নির্বাচন কমিশনের সুবিধা পাচ্ছেন বলে বিএনপির অভিযোগ নাকচ করে কাজী জাফর উল্যাহ বলেন, “বিএনপি সব সময় এই রকম কথা বলে। কিন্তু জেতার পর তাদের সেই কথা আর থাকে না। এভাবে ‘বাঘ বাঘ’ বলতে থাকলে, যখন সত্যিকারের ‘বাঘ’ আসবে তখন কেউ শুনবে না।”

Image
ধানের শীষের জন্য ভোট চাইতে নারায়ণগঞ্জে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা।

ধানের শীষের জন্য ভোট চাইতে নারায়ণগঞ্জে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা।

Image
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারাও এদিন গণসংযোগ চালান নৌকার জন্য ভোট চেয়ে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারাও এদিন গণসংযোগ চালান নৌকার জন্য ভোট চেয়ে।

জনগণের প্রতি আস্থা না থাকায় বিএনপি এ ধরনের অভিযোগ করে দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণের সঙ্গে থাকা দল, জনগণের রায়ের প্রতি আমাদের আস্থা রয়েছে।”

সকালে ১৩ নম্বর ওয়ার্ডের চারারগাঁও, কালিরবাজার, আমলাপাড়া ও খানপুর এলাকায় প্রচার চালান ‘ধানের শীষ’র প্রার্থী সাখাওয়াত।

এরপর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল, মিজমিজি টিসি রোড, পূর্বপাড়া, বাতানপাড়া, পাইনাদীসহ বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যান তিনি।

গণসংযোগকালে সাখাওয়াত হোল্ডিং ট্যাক্স কমানো, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘আমরা মানুষের যে হোল্ডিং ট্যাক্স আছে সেই হোল্ডিং ট্যাক্স স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। ব্যবসায়ীদের যে ট্রেড লাইসেন্স ফি সেটাকে কমিয়ে আনব। হিন্দু দেবত্তোর সম্পত্তি সেটা আমি জনগণকে ফিরিয়ে দেব।”

Image
আইভীকে পেয়ে উচ্ছ্বসিত নারায়ণগঞ্জের ১৫ নম্বর ওয়ার্ডের একদল নারী ভোটার

আইভীকে পেয়ে উচ্ছ্বসিত নারায়ণগঞ্জের ১৫ নম্বর ওয়ার্ডের একদল নারী ভোটার

Image
সাখাওয়াতের ধানের শীষের প্রচারে বিএনপির নারী নেতাকর্মীরা

সাখাওয়াতের ধানের শীষের প্রচারে বিএনপির নারী নেতাকর্মীরা

ময়লা-আবর্জনার ‘দুঃসহ’ যন্ত্রণা থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে সাখাওয়াত বলেন, “একটি পরিছন্ন নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। দুই পাড়ের মধ্যে সেতু না থাকার কারণে যে বিভক্তি, শীতলক্ষ্যা সেতু নির্মাণের মাধ্যমে দুই পাড়ের মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলব। ফ্লাইওভার ও ফুটওভার ব্রিজ এসব গড়ে তুলব।

“ভালো মানের স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, শিশু হাসপাতাল, কর্মজীবী হাসপাতাল, কর্মজীবী হোস্টেল এসব বিষয়গুলো আমি গড়ে তোলার জন্য সচেষ্ট হব।”

দুপুরে নগরের টানবাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, দায়িত্ব পালনের চেয়ে সরকারকে সন্তুষ্ট করাকে ‘বেশি গুরুত্বপূর্ণ’ মনে করছে নির্বাচন কমিশন।

তিনি বলেন, “তাকে (আইভী) মেয়র মনোনীত করার জন্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ যাদের মনোনীত করেছিল তাদের বাদ দেওয়া হয়েছে। এতে অসন্তুষ্ট জেলা আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য ‘ম্যানেজ’ বা ধমক দিয়ে শান্ত করতে হোক, সেজন্য গণভবনে পর্যন্ত ডেকে নেওয়া হয়েছে।

“এটাই বাস্তবতা। যদিও গণভবন একটি সরকারি বাসভবন, সেখানে নির্বাচনী আলোচনা সভা করা উচিত না। কিন্তু হয়েছে তো।”

Image
ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও

ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও

এছাড়া বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি দলও নগরে সাখাওয়াতের পক্ষে ভোট চান।

এদিকে বিএনপিতে আগে কোনো পদে না থাকা আইনজীবী সাখাওয়াতের গণসংযোগকালে নেতাকর্মীদের কম উপস্থিতি নিয়ে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। তারা বলছেন, দলের কেন্দ্রীয় নেতাদের গণসংযোগেও বেশিরভাগ সময় থাকছেন না প্রার্থী সাখাওয়াত।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাখাওয়াত সাহেব আমাদের প্রার্থী। উনি অনেকটা একা একা ঘুরছেন। দলের মধ্যে বিভিন্ন রকম কমিটি হচ্ছে ঠিক, কিন্তু কাজ ঠিকভাবে করছে না কেউই। আগে দলে না থাকায় উনি দলের সঙ্গে ঠিক সেভাবে মিশে কাজ করতে পারছেন না।”

এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লিন ইমেজের একজনকে খালেদা জিয়া দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। তার মার্কাও বেগম জিয়ার মার্কা ধানের শীষ।

“আমরা সবাই ধানের শীষের পক্ষে নির্বাচন করছি। ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে ভোটের প্রচার চালাচ্ছি। তার সঙ্গে নেতাকর্মী কম থাকার প্রসঙ্গ এখানে অবান্তর।”