এটা গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন: ফখরুল
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সারা দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের মেয়রপ্রার্থীর পক্ষে মঙ্গলবার নগরীতে গণসংযোগে নেমে তিনি বলেন, “এ নির্বাচন কেবল একজন মেয়র নির্বাচিত করার নির্বাচন নয়। এই মেয়র নির্বাচন, গণতন্ত্রকে যেভাবে লুট করা হয়েছে, বুটের তলায় পিষিয়ে দেওয়া হয়েছে- তা ফিরিয়ে আনার নির্বাচন।”
ফখরুল বলেন, “গণতন্ত্রকামী ও গণতান্ত্রিক অধিকার বঞ্চিত মানুষ, অভাব বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার যে সংগ্রাম, তার সিপাহসালার সাখাওয়াত হোসেন খান।”
নারায়ণগঞ্জে সাত খুন মামলার আসামিপক্ষের আইনজীবী আলোচনায় আসা সাখাওয়াতকে ‘সাহসী মানুষ’ হিসাবে অভিহিত করে তিনি বলেন, তিনি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। ন্যায় ও সত্য-সুন্দরের পক্ষে যুদ্ধ করেছেন।
“আজ তিনি সারা দেশে সাহসের প্রতীক, ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক।”
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মহাসচিব বলেন, নারায়ণগঞ্জের মানুষ অতীতে যেভাবে গণতান্ত্রিক অধিকারের পক্ষে ছিল, এবারও সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে রায় দেবে।
পাঁচশোর বেশি নবীন-যুবক নিখোঁজ হয়েছে দাবি করে ফখরুল বলেন, “কারও জন্য স্ত্রী-সন্তান, কারও জন্য মা অপেক্ষা করে আছে কখন সন্তান ফিরে আসবে। কিন্তু অপেক্ষাই থেকে যায়, স্বজন আর ফিরে আসে না।”
অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, তৈমুর আলম খন্দকার ও প্রার্থী সাখাওয়াত পথসভায় বক্তব্য দেন।
