পুলিশ প্রতিবেদন পর্যন্ত জামিন পেলেন শফিক রেহমান
সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসারে হাকিম আদালতে হাজির হয়ে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যার ষড়যন্ত্র’ মামলায় নতুন করে জামিন পেয়েছেন শফিক রেহমান।
যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে নতুন করে জামিনের আবেদন করলে বিচারক সাদবির ইয়াছির আহসান চৌধুরী তাকে এ মামলায় পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
শফিক রেহমানের পক্ষে আদালতে শুনানি করেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
তারা বলেন, তাদের মক্কেল উচ্চ আদালত থেকে এর আগে জামিন পেয়ে শর্ত মেনে চলেছেন এবং জামিনের অপব্যবহার করেননি। সুতরাং তিনি আবারও জামিন পেতে পারেন।
জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি শফিক রেহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণের লক্ষ্যে’ তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় দেশটির আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড হয়।
সেই রায়কে কেন্দ্র করে ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তারের পর দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপিঘনিষ্ঠ এই সম্পাদককে। ওই বাসায় তল্লাশি চালিয়ে জয় সংক্রান্ত কিছু তথ্য ও গোপনীয় নথিপত্র পাওয়া গেছে বলে গোয়েন্দা পুলিশ সে সময় সাংবাদিকদের জানায়।
অন্যদিকে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান দাবি করেন, ‘অনুসন্ধানী সাংবাদিক’ হিসেবে নিবন্ধ লেখার জন্যই তার স্বামী ওইসব তথ্য সংগ্রহ করেছিলেন।
এ মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে শফিক রেহমান হাই কোর্টে আবেদন করেন, যার ওপর শুনানি শেষে ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্টের বেঞ্চ তা খারিজ করে দেয়।
ওই আদেশের বিরুদ্ধে শফিক রেহমান আপিলের অনুমতি চাইলে ২৯ জুন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তা নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
১৭ জুলাই শুনানি শেষে আপিল বিভাগ শফিক রেহমানকে আপিলের অনুমতি দেয়। পরে আপিল শুনানি করে ৩১ আগস্ট রায় দেয় আপিল বিভাগ। তিন মাস বা এ মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত জামিন পান শফিক রেহমান।
পাঁচ মাস জেলে কাটানোর পর আপিল বিভাগের জামিনে ৬ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
ওই জামিনের মেয়াদ শেষে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা ও জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবার আবেদন করে শফিক রেহমান। তার আবেদন শুনে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ গত ৮ ডিসেম্বর জানায়, জামিনের জন্য শফিক রেহমানকে বিচারিক আদালতেই যেতে হবে।
