২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের পথে খালেদা জিয়া

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2016, 11:00 AM

Updated : 12 Apr 2022, 03:28 AM

বৃহস্পতিবার সকাল ১০টা ৪২ মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের পথে রওনা হন বলে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন।

পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদপ্তরের মাঠে বিচারক আবু আহমেদ জমাদারের এ আদালতে জিয়া দাতব্য এবং জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাত মামলার শুনানি চলছে।

এরই মধ্যে আদালতে হাজির হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। 

খালেদার আইনজীবীদের মধ্যে আদালতে রয়েছেন রেজাক খান, সানাউল্লাহ মিয়া, মো. বোরহানউদ্দিন, রেজাউল করিম সরকার, মহসিন মিয়া, নুরুজ্জামান তপন, সিমকি ইমাম খান, আজিজুল ইসলাম খান বাচ্চু।

দুর্নীতির এ দুই মামলায় গত ১ ডিসেম্বর সবশেষ শুনানি হয়।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বুধবার জানান, গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে দাতব্য ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে ১০-১৫ মিনিটের মতো বক্তব্য দিয়েছিলেন। ওই দিন তাকে এ মামলায় রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনানো হয়েছিল।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালে দায়ের হওয়া এ মামলায় মোট ৩২ জনের সাক্ষ‌্যগ্রহণ হয়েছে।

খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর আসামিরা হলেন- বিগত চারদলীয় জোট সরকার আমলে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ‌্যে জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

পহেলা ডিসেম্বর জিয়া এতিমখানা ট্রাস্টের মামলায় খালেদার ছেলে তারেক রহমানের আইনজীবী বোরহান উদ্দিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেছিলেন।

বৃহস্পতিবার অসমাপ্ত জেরা করা হবে।

পুরনো খবর:

আত্মপক্ষ সমর্থনে বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা