রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান নজরুলের
মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে ‘আন্তর্জাতিক কূটনৈতিক’ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমরা বলি না যে, রোহিঙ্গাদের লড়াই করার জন্য সহযোগিতা করা হোক। আমরা বলি তাদেরকে তাদের দেশে শান্তিপূর্ণভাবে থাকার জন্য কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হোক। এটাই হবে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান।”
মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ীভাবে নির্দিষ্ট এলাকায় আশ্রয় দিয়ে আবার তাদেরকে ফিরিয়ে দেয়ার চেষ্টা করা উচিৎ বলে মনে করেন তিনি।
জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে ‘মিয়ানমারে মুসলিম নির্যাতন ও গণহত্যার’ প্রতিবাদে এই মানববন্ধন হয়।
রোহিঙ্গাদের দুর্ভোগের কথা তুলে ধরে নজরুল বলেন, “বিপন্ন রোহিঙ্গারা যখন প্রাণ বাঁচানোর জন্য নাফ নদী পার হয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য আসে, সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয় নিশ্চিত মৃত্যুর মুখে।”
সরকারকে ‘মানবিক’ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের নির্দিষ্ট কোথাও আশ্রয় দিয়ে কূটনৈতিক চাপ সৃষ্টি করা দরকার, যাতে মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা পত্র-পত্রিকায় দেখছি, হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে এবং দালালের মাধ্যমে তারা প্রবেশ করছে। এই দালালগুলো কারা?
“ক্ষমতাসীন দল আইন প্রয়োগকারী বাহিনী দিয়ে তাদেরকে ঠেকানো দেখাচ্ছেন, আর ওই দালালদের দিয়ে টাকা-পয়সা উপার্জন করে তাদের কিছু কিছু লোককে আবার বাংলাদেশের আসার সুযোগ করে দিচ্ছেন। এই যে দ্বিমুখী নীতি- এটা শেষ হওয়া দরকার।”
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল্লাহ বক্তব্য রাখেন।
