২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের মতো তাণ্ডব করলে পুলিশ কি চুমু খাবে, বিএনপিকে নাসিম

বিএনপিকে রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার পেছনে গত কয়েক বছরে দলটি বিভিন্ন রকম ‘তাণ্ডবে’ জড়িত ছিল অভিযোগ করে সেই আশঙ্কা থাকাকেই কারণ হিসেবে বলছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

এছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ঘটনাময় যে ‘৭ নভেম্বর’ উপলক্ষে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি, সেই দিন নিয়ে তাদের অবস্থানগত পার্থক্যকেও অন্যতম কারণ বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় নাসিম বলেন, “বিএনপিকে সভা সমাবেশের অনুমতি দিলে যে কোনো সময় ২০১৩, চৌদ্দ বা পনের সালের মতো তাণ্ডব ঘটাতে পারে। জনগণ যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের স্বীকার হতে পারে। তা হলে কেন তাদের অনুমতি দেওয়া হবে?

“তাছাড়া বিএনপি ৭ নভেম্বর সভা করার অনুমতি চেয়েছে। ওইদিন ছিল সৈনিক হত্যা দিবস, মুক্তিযোদ্ধা হত্যা দিবস। কিসের সিপাহী বিপ্লব দিবস।”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াউর রহমানের উত্থান ঘটে, যার হাত দিয়ে পরে প্রতিষ্ঠা পায় বিএনপি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পালাবদলের এক পর্যায়ে সেনানিবাসে বন্দি তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া ৭ নভেম্বর মুক্ত হন। পরে তিনি রাষ্ট্রক্ষমতা নেন, তার তত্ত্বাবধানে গঠিত হয় বিএনপি।

এই দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে আসছে। অন‌্যদিকে আওয়ামী লীগ পালন দিনটি করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত‌্যা দিবস’ হিসেবে। আর তাদের এখনকার রাজনৈতিক মিত্র জাসদ দিনটি ‘সিপাহি জনতার অভ‌্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।

সমাবেশের অনুমতি না পাওয়া নিয়ে বিএনপির অভিযোগের পক্ষে টিভি টকশোতে সুশীল সমাজের প্রতিনিধিদেরকে গণতন্ত্রের ‘ছবক’ না দেওয়ারও পরামর্শ দেন নাসিম।

“আপনারা যারা রাতে টিভিতে টকশোতে বসে বিএনপিকে সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না বলছেন, যখন ২১ বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, বিরোধী দলে ছিলাম তখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাঁটা তারের বেড়া দিয়ে রাখা হয়েছিল।

“দু-একটা ঘটনা ছাড়া কোথাও সমাবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যেকটি সভা-সমাবেশে লাঠি পেটা করা হয়েছে। তখন আপনারা কোথায় ছিলেন? এখন রাতে টকশোতে বসে গণতন্ত্রের ‘ছবক’ দেন। জিয়া, এরশাদ ও খালেদার সময় কেন কথা বলেন নি? তখন মানবতা কোথায় ছিল? গণতন্ত্র কোথায় ছিল।”

আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় জনগণ ও নেতাকর্মীদের নিয়ে ‘পুলিশের লাঠিপেটা খেয়ে’ মাঠ দখলে রাখলেও সন্ত্রাসী কর্মকাণ্ড বা ‘হেফাজতের মতো তাণ্ডব’ করেননি বলে মন্তব্য করেন দলটির এই নেতা।

নাসিম বলেন, “আমরা সভা সমাবেশ করার সময় জনগণ ও নেতাকর্মীদের নিয়ে বৃষ্টিতে ভিজে, পুলিশের লাঠিপেটা খেয়ে মাঠ দখল করে রেখেছি। সাহস থাকলে মাঠে আসুন।

“আপনারা সন্তাসী কর্মকাণ্ড করলে, হেফাজতের মত তাণ্ডব করলে পুলিশ কি চুমু খাবে?”

৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্বরণে এই আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

এতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে দেশটিতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান সরকারের স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন। এখনও আপনাদের দেশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা খুনিরা ঘুরে বেড়াচ্ছে।”

যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নিতে বিএনপির যেসব নেতা পরামর্শ দিচ্ছেন তাদের উদ্দেশ করে তিনি বলেন, “আমেরিকায় ওবামা নিজে হিলারির পক্ষে প্রকাশ্যে কাজ করেছেন।

“ওবামার ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। ট্রাম্প যেভাবে ওবামা সরকারের অধীনে নির্বাচন করে জয়লাভ করেছেন, আপনারাও এই সরকারের অধীনে নির্বাচন করুন।”

বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না দাবি করে মন্ত্রী বলেন, “বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ হাওয়া ভবনের লোকদের ভোট দেবে না, খুনিদের আশ্রয় প্রশ্রয় দাতাদের ভোট দেবে না।”

এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, “সারা বিশ্বের মানুষ শেখ হাসিনাকে মেনে নিয়েছে। মানে না একজন, তিনি ম্যাডাম খালেদা জিয়া। তিনি বলেন এটা অবৈধ সরকার। আসলে তিনিই নিজেই অবৈধ।”

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ইকবাল আর্সেনালের সভাপতিত্বে ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ডা. হাবিবে মিল্লাত, ডা. মোস্তফা জালাল মহউদ্দিন, ডা. রোকেয়া সুলতানা, ডা. এম এ আজিজ বক্তব্য রাখেন।

পুরনো খবর:

ভয় পেয়ে সমাবেশ করতে দিচ্ছে না সরকার: খালেদা
৯ নভেম্বরও সমাবেশে রাজি বিএনপি
সোহরাওয়ার্দী না পেয়ে নয়া পল্টনের আবেদন বিএনপির