২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ নভেম্বরও সমাবেশে রাজি বিএনপি

ঢাকায় সমাবেশ করতে পুলিশের সাড়ার অপেক্ষা এখনও করছে বিএনপি, এক দিন পিছিয়ে ৯ নভেম্বর অনুমতি পেলেও রাজি তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

সোমবার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। পরে ৮ নভেম্বর মঙ্গলবার সমাবেশ করতে তারা চাইলেও সোহরাওয়ার্দী উদ‌্যানে তা করার অনুমতি দেয়নি পুলিশ।  

এরপর ৮ নভেম্বর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করার কথা জানান বিএনপি নেতারা।

তবে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিএনপির কোনো আবেদন না পাওয়ার কথা জানান; যদিও বিএনপি বলছে, পুলিশ কমিশনার ‘মিথ‌্যাচার’ করছেন।     

এই প্রেক্ষাপটে সোমবার দিবসের কর্মসূচি হিসেবে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এখনও আমরা অনুমতি পাইনি, অপেক্ষা করছি।

“নয়া পল্টনেই সমাবেশ হবে। এখানে কোনো দ্বিধা নেই, আমরা সমাবেশ করব। পুলিশ যদি মনে করে, কালকে (৮ তারিখ) না দিয়ে পরশু (৯ তারিখ) দেবে, তারা দিক। আমরা সমাবেশ করব।”

“পুলিশ যদি ৯ তারিখে দিতে চায়, তা আমাদের জানাতে হবে। আমাদের প্রস্তুতির ব্যাপার আছে,” বলেন এই বিএনপি নেতা।

বিএনপিকে সমাবেশ করতে না দিয়ে পুলিশ গণতান্ত্রিক অধিকার খর্ব করছে বলে অভিযোগ করেন তিনি।

“দেশে সাংবিধানিকভাবে, আইনসম্মতভাবে একটি প্রতিষ্ঠান হিসেবে, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ যদি কাজ করে থাকে, তাহলে গণতান্ত্রিক যে অধিকার বিরোধী দলকে সংবিধান দিয়েছে, এই অধিকারটিকে বানচাল করার সুযোগ তাদের নেই।”

“যদি করেন, এটা যদি তাদের (পুলিশ) অভিপ্রায় হয়ে থাকে, তাহলে বুঝতে হবে এই পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। তারা দেশে আইনসম্মতভাবে কাজ করছে না।”

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস‌্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আনোয়ার হোসেইন, অ্যালবার্ট কস্টা, সাইফুল ইসলাম পটু, আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সোহরাওয়ার্দী না পেয়ে নয়া পল্টনের আবেদন বিএনপির
সমাবেশের জন‌্য বিএনপির চিঠি পেলে প্রয়োজনীয় ব‌্যবস্থা: ডিএমপি কমিশনার
পুলিশ ‘মিথ‌্যাচার’ করছে: রিজভী
ভয় পেয়ে সমাবেশ করতে দিচ্ছে না সরকার: খালেদা