সাম্প্রদায়িক হামলার ঘটনা প্রতিরোধের আহ্বান জাসদ নেতা আম্বিয়ার
ব্রাহ্মণবাড়িয়া-গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বী ও আদিবাসীদের উপর চলা সাম্প্রদায়িক হামলার ঘটনা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস’ নামের কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে তিনি এ আহ্বান জানান।
এসময় আম্বিয়া আরও বলেন, “একাত্তরে এদেশের আপামর মানুষ ঔপনিবেশিক পাকিস্তানি শাসকদের সাম্প্রদায়িক বিভেদ নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে। স্বাধিকার ও জাতীয়তাবাদী সংগ্রাম করেছে।
“সে লড়াই-সংগ্রামের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। রক্তের দামে কেনা স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস মুক্তিযুদ্ধের চেতনার অপমান।”
জাসদ স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক ও ঘাতক চক্র সাম্প্রদায়িক সন্ত্রাসের উসকানি দিচ্ছে। সে সুযোগে লুটপাট চালাচ্ছে লুটেরা চক্র।
“হিন্দু ধর্মাবলম্বী ও আদিবাসীদের জমি-বাড়ি দখল করার চেষ্টা করছে। এসব সাম্প্রদায়িক সন্ত্রাস ও লুটপাটের জন্য যে বা যারাই দায়ী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।”
মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় এ কর্মসূচিতে আরও বক্তৃতা করেন জাসদ স্থায়ী কমিটির সদস্য মো. মোহসীন, সাংগঠনিক সম্পাদক বীণা শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুকসেদুর রহমান লবু, কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ফসি, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, আবদুস ছালাম খোকন, আসাদুজ্জামান জাকির, জি এম রুস্তম খান, অহিদুল ইসলাম চৌধুরী, তফছিরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাসদের ঢাকা মহানগর (পশ্চিম) শাখা রাজধানীর মীরপুরেও এই কর্মসূচি পালন করে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
