২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাদের জনগণের সঙ্গে মিশতে বললেন হাসিনা

দলের কার্যনির্বাহী সংসদের নতুন সদস্যদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 09:26 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তিনি বলেন, “রাজনীতি নিজের জন্য না, মানুষের জন্য, জনগণের জন্য।

“রজনীতিবিদ হিসাবে দেশের মানুষের প্রতি দায়িত্ব পালন করতে হবে।”

সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের সচতেনতা বৃদ্ধিতে কাজ করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সভানত্রেী বলেন, “আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে তুলতে চাই। বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান হবে না।

“জনসম্পৃক্ততা দরকার, সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে।”

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের পর গত মঙ্গলবার দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

তারপর টুঙ্গীপাড়াতেই দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা বসে মুলতবি হয়। গণভবনে বুধবার সন্ধ্যায় ওই সভা ফের শুরু হয়। 

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন সবার কাছে ‘ঈর্ষণীয়’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়ন হতে হবে তৃণমূল থেকে। মানুষ আর ক্ষুধায় থাকবে না। কেউ আর রোগে বিনা চিকিৎসায় থাকবে না, বিনা শিক্ষায় থাকবে না।”

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে আগামী দিনের করণীয় নিয়ে আলোচনার কথাও বলেন তিনি। 

টুঙ্গীপাড়ায় মঙ্গলবারের বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সবার কাছে ‘ধারণা’ আহ্বান করার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের দলের একটা অর্থনৈতিক পরিকল্পনা আছে, যা নিয়মিত হালনাগাদ করা হয়।”

আওয়ামী লীগের ঘোষণাপত্রে ভবিষ্যৎ করণীয় উল্লেখ করা আছে বলেও জানান তিনি।

সারাদেশে দরিদ্র ও প্রতিবন্ধীদের তালিকা দলের পক্ষ থেকে করার কথাও মনে করিয়ে দেন আওয়ামী লীগ সভানেত্রী। 

তিনি বলেন, “সত্যিকারে দারিদ্র্যের কষাঘাতে যারা জর্জরিত তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে।”

বিএনপি-জামায়াতে ইসলামী আন্দোলনে যারা সাধারণ নাগারিকদের পুড়িয়ে হত্যা করেছে, তাদের বিচার করার কথাও বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, “যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাদের বিচার হবে না?

“যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হবে। এই বাংলার মাটিতেই হবে।”

যারা বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীদের মদদ দিয়েছে, তাদের বিচারের কথাও বলেন তিনি।