নাসিরনগরে বিএনপির ইন্ধন ছিল: হাছান
হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করার পাল্টায় ক্ষমতাসীন দলটির নেতা হাছান মাহমুদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও ঘরবাড়িতে হামলায় বিএনপির ইন্ধন ছিল।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে একথা বলেন তিনি।
হাছান বলেন, “নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতে যেমন মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দিরে হামলার পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন ছিল, এগুলোর উপরও তাদের সরাসরি ইন্ধন রয়েছে।”
ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর মন্ত্রী ছায়েদুল হকের এলাকা নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের দেড় শতাধিক ঘরে হামলা হয়।
ঘটনার পর আওয়ামী লীগ স্থানীয় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে। দলটির দাবি, হিন্দুদের উপর হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ বলেন, ওই হামলায় আওয়ামী লীগের জড়িত থাকার নজির পেয়েছেন তারা।
দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হিন্দুসহ অন্য ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
৭ নভেম্বর ‘সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে আওয়ামী লীগ নেতা বলেন, “১৯৭৫ সালের এই দিনে পাখি স্বীকার করার মতো মানুষ হত্যা করা হয়েছিল। এই দিনে কোনো বিপ্লব হয়নি, মানবতার বিরুদ্ধে সংগ্রাম সংঘটিত হয়েছিল। এই দিনটি ছিল একটি কালো দিবস।
“এই ৭ই নভেম্বরে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যার মধ্য দিয়ে মানুষের রক্তের উপর পা রেখে ক্ষমতা দখল করেছিল।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
