২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব মামলায় রিজভীর জামিন, ‘মুক্তিতে বাধা নেই’

ঢাকার রমনা থানার বিস্ফোরক আইনে করা মামলায়ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 04:00 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

তার আইনজীবীর দাবি, বিচারাধীন সব কয়টি মামলায় রিজভীর জামিন হওয়ায় এখন তার মুক্তিতে আর বাধা নেই।

বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করে।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।

সগীর হোসেন লিওন বলেন, “আজ রমনার বিস্ফোরক আইনে করা মামলায় তার জামিন হওয়ায় মুক্তিতে আর কোনো বাধা নেই।”

দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালে বিএনপির ডাকা টানা অবরোধ-হরতালের মধ‌্যে নাশকতার ঘটনায়রিজভীর বিরুদ্ধে পল্লবী থানায় দুটি এবং রমনা, মতিঝিল ও খিলগাঁও থানায় একটি মামলা হয়।

রিজভীর আইনজীবী বলেন, রমনা থানায় একটি মামলা দায়ের হলেও হত্যা ও বিস্ফোরক আইনে পুলিশ আলাদা অভিযোগপত্র দেওয়ায় পরে তা দুটি মামলায় পরিণত হয়। ফলে মামলার সংখ্যা বেড়ে ছয় হয়েছে।

গত ১৮ অগাস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে রিজভী সবগুলো মামলায় জামিন চান। বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তিনি হাই কোর্টে যান।

এর পর ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ রমনার হত্যা মামলাসহ পাঁচটিতে রিজভীকে জামিন দেয়।

এসব মামলায় জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গেলেও বিচারকের সাড়া মেলেনি।