জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদারের আদালতে এ তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার তার জবানবন্দি শেষ করেন বলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাকে জেরার জন্য আগামী ২০ অক্টোবর দিন ঠিক করেছে আদালত।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর আংশিক জবানবন্দি দেন মামলাটির তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ।
মামলার অভিযোগপত্রের ৩২ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ চলছে।
বৃহস্পতিবার মামলার প্রধান আসামি খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের পক্ষে আইনজীবীরা হাজিরা দাখিল করেন।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।
২০০৯ সালের ৫ অগাস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা পড়ে।
