২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল: স্থানীয়দের মধ‌্যে জনমত গঠনে জোর ফখরুলের

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের জন‌্য আগে ওই অঞ্চলের মানুষের মধ‌্যে জনমত তৈরির ওপর জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 07:34 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

সোমবার এক গোলটেবিল আলোচনায় আগের দিনের খুলনা সফরের কথা তুলে ধরে তিনি বলেন, “সেখানে আমার যেটা অভিজ্ঞতাটা হয়েছে, রামপালের বিষয়ে শহরের মানুষেরাই তো সেভাবে কনভিনসড না যে তাদের আন্দোলন করা দরকার; এটাকে প্রতিরোধ করার জন্য তাদের রাস্তায় বেরিয়ে আসা দরকার।”

তাদের সচেতন করে ‘ব্যাপক জনমত গড়ে তোলার’ আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব জনমত তৈরি করার ব্যাপারে আমাদেরকে বেরুতে হবে। শুধু রাস্তায় নামব বললেই তো হবে না, যারা এফেক্টেড হচ্ছেন, ভিকটিম হচ্ছেন, তাদের মধ্যে জনমত গড়ে তুলতে হবে, এটা জরুরি।”

এজন্য লিফলেট তৈরি করে রামপালের বিদ্যুৎকেন্দ্রের ‘ক্ষতিকর প্রভাবের বিষয়ে’ জনগণকে অবহিত করার পরামর্শ দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “মানুষের যখন নিজের স্বার্থে আঘাত লাগবে, তখন কিন্তু মানুষ প্রতিরোধে দাঁড়ায়।”

বিগত বিএনপি সরকারের শেষ সময়ে ২০০৬ সালে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা খনিবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে ফখরুল বলেন, “উন্মুক্ত কয়লার ব্যাপারে যে আন্দোলন হয়েছিল, সেখানে মানুষের মনে হয়েছে, তাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে, সেখানে মানুষ চলে এসেছে। আমাদেরকে সেই কাজটাই আগে করতে হবে।”

ওই আন্দোলনের মধ‌্যে ২৬ অগাস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনজন প্রাণ হারান; আহত হন শতাধিক মানুষ। এরপর আন্দোলন তীব্রতর হলে ৩০ অগাস্ট তখনকার বিএনপি সরকার আন্দোলনকারীদের দাবি মেনে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়।

সে সময় ফুলবাড়ীর ওই আন্দোলন সংগঠিত করেছিল তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রামপাল নিয়েও তারা আন্দোলন চালিয়ে আসছে। তাদের আশঙ্কা, সেখানে তাপবিদ‌্যুৎ কেন্দ্র হলে তা বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশকে হুমকির মুখে ঠেলে দেবে।

বর্তমানে সংসদের বাইরে থাকা বিএনপিও একই যুক্তি দিয়ে রামপালের বিরোধিতা করে আসছে। অন‌্যদিকে সরকার বলছে, সর্বাধুনিক প্রযুক্তি ব‌্যবহার করে দূষণের মাত্রা ন‌্যূনতম রেখেই এই তাপ বিদ‌্যুৎ কেন্দ্র হচ্ছে; এতে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না।

এ বিষয়ে দলের অবস্থান আবারও তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “একটি কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষেই কাজ করেছে সব সময়। দেশের স্বার্থে কাজ করেছে, হয়ত সব সময় সফল হয়নি। কিন্তু বিএনপির আন্তরিকতার অভাব নেই।”

রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে বিএনপি সমর্থিত ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’ এর উদ্যোগে ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র: কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আনহ আখতার হোসেন এতে মূল প্রবন্ধ পাঠ করেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার এ পর্যন্ত যতগুলো প্রকল্প হাতে নিয়েছে, তার সবগুলোই ‘নিজেরা অনৈতিকভাবে লাভবান’ হওয়ার জন‌্য, ‘অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার’ জন্য।

“মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি, অর্থ উপার্জন। যে উন্নয়ন ও প্রবৃদ্ধির কথা বলছেন, তাতে শুভঙ্করের ফাঁকি রয়েছে। বিনিয়োগই নেই, উন্নয়ন হবে কোথা থেকে?”

গণমাধ্যমকে ব্যবহার করে সরকার ‘মিথ্যা প্রচারের’ মাধ‌্যমে জনগণকে বিভ্রান্ত করছে বলেও তিনি অভিযোগ করেন।

রামপাল প্রকল্পের বিরোধিতার কারণ ব‌্যাখ‌্যা করে বিএনপি মহাসচিব বলেন, “এটা আমার সুন্দরবন ধ্বংস করবে, যা আমাদের জাতীয় অস্তিত্বের জন্য প্রয়োজন। সেজন্য বলতে চাই, আমার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কখনোই আমরা আপোষ করি না, করব না এবং ভবিষ্যতেও কাউকে করতে দেব না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, “রামপাল প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। সুন্দরবন ধ্বংস হয়ে গেলে এই বাংলাদেশ টিকে থাকবে না, কুৎসিত বাংলাদেশ থাকবে।”

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সঞ্চালনায় অন‌্যদের মধ‌্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি রুহুল আমিন গাজী, সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ওবায়দুল ইসলাম, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং অ‌্যাব মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ আলোচনায় অংশ নেন।