২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে বসন্তের কোকিলদের হটাতে হবে: কাদের

সুবিধার জন‌্য রাজনীতিতে যারা এসেছেন, তাদের হটাতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য এবং সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

রোববার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, “রাজনীতি থেকে টাউট-বাটপার, ধান্দাবাজদের হটাতে হবে। রাজনীতি থেকে দুর্নীতিবাজ ওপ্রতারক, সুবিধাবাদী, হঠাৎ করে আসা বসন্তের কোকিলদের হটাতে হবে।

“চাটুকারি করবে না, চাটুকারি মোসাহেবদের ঘৃণা করবে। এটা তোমাদের করতে হবে।”

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভাটি হয়।

সরকার প্রধানের প্রশংসা করে কাদের বলেন, “শেখ হাসিনা ৭০ বছর জন্মদিনে বাংলাদেশকে ৭০ বছর এগিয়ে নিয়ে গেছে।হাতে হাতে মোবাইল ফোন, কৃষকের হাতেও মোবাইল ফোন, এই বিপ্লব কে করেছে? শেখ হাসিনা।

“বঙ্গবন্ধুকে অনুসরণ করে সততা ও সাহস নিয়ে শেখ হাসিনা এ অবস্থানে এসেছেন। তোমরা তাকে অনুসরণ করবে, শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় দেশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে নিয়ে গেছে, তাকে অনুসরণ করে তোমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,“তথ্য প্রযুক্তি শিক্ষায় সারা দেশে ৩০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করা হয়েছে। তোমাদের দিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে।”

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।