আওয়ামী লীগ বিরাজনীতিকরণ করছে: বিএনপি
বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো আওয়ামী লীগ ‘বিরাজনীতিকরণের’ পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সরকার ‘উল্টো পথে’ চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে কেবল তার দল নয়, ‘গোটা জাতি’ আক্রান্ত হচ্ছে।
“১/১১ এর সরকার বিরাজনীতিকরণ করেছে, তাদের আমরা দোষ দেই। এখন আওয়ামী লীগই তো বিরাজনীতিকরণ করছে। তারা অন্যান্য রাজনৈতিক দলকে কোথাও কাজ করতে দিচ্ছে না, এলিমিনেট করছে। রাজনৈতিক নেতাদের হেয় প্রতিপন্ন করছে। তাদের বিরুদ্ধে কথা-বার্তা বলে মিথ্যা মামলা দিচ্ছে।”
শুক্রবার উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন ফখরুল।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ এতো পুরনো দল… এখন রাজনৈতিকভাবে এতোটাই দেউলিয়া হয়ে গেছে যে তাদের আইনশৃ্ঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করতে হচ্ছে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২৯টি ‘মিথ্যা মামলা’ দায়ের করা হয়েছে অভিযোগ করে সরকারপ্রধানের উদ্দেশে ফখরুল বলেন, “আপনি ১০০/২০০ করে নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। কোন মামলাটা সত্য? প্রত্যেকটা জায়গায় এভাবে মামলা দেওয়া হচ্ছে।”
বিএনপি মহাসচিব বলেন, কেবল ‘সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য’ নির্বাচনের মাধ্যমেই এ ‘সংকট থেকে’ উত্তরণ সম্ভব।
“একটা নির্বাচন চাই- এটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের মূল কথা হচ্ছে- আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা হওয়া উচিৎ। এটা (আগামী নির্বাচন) কীভাবে সকলের কাছে গ্রহণযোগ্য, ইনক্লুসিভ একটা নির্বাচন হতে পারে। আমরা সেটাই চাই।”
গত জাতীয় নির্বাচনের আগে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্থতায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সে সময় লিখিত কোনো সিদ্ধান্ত না হলেও নির্বাচনের বিষয়ে দুই পক্ষ ‘একমত’ হয়েছিল।
“এখন সেই জায়গাটা থেকে তারা (আওয়ামী লীগ) সম্পূর্ণ সরে গেছেন। বিভিন্ন ইস্যু তৈরি করে কী করে বিরোধীদলকে ধ্বংস করা যাবে, নিশ্চিহ্ন করা যাবে, সেই কাজটি তারা করছেন।”
আন্দোলন দল গোছানোর পর
বিএনপি মহাসচিবের ভাষায়, এ রকম পরিস্থিতিতে ‘ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই’ চালানো ‘খুবই কঠিন’ কাজ।
“এই কাজটা সহজ নয়। এখানে সামগ্রিক আগ্রাসন আছে- মিডিয়া দখল, আইনশৃঙ্খলা বাহিনী দখল… তাদের কর্মকর্তারা যে ভাষায় কথা বলেন রাজনৈতিক নেতারাও ওই ভাষায় কথা বলেন না… বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করা- এসব ঘটনা গণতান্ত্রিক কার্যক্রমকে রুদ্ধ করছে।”
এ অবস্থায় রাজপথে বিএনপির কোনো কার্যক্রম দৃশ্যমান না হলেও ভেতরে দল গোছানোর কাজ চলছে বলে জানান ফখরুল।
“সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের দাবি আদায়ে আমরা যেটা করছি… আপনারা হয়ত রাজপথে দেখছেন না। এ ব্যাপারে বলতে চাই, আন্দোলনের প্রকৃতি ও কৌশল এখন পরিবর্তন হচ্ছে।
“আপাতত আমরা জনসংযোগ করছি, সংগঠনটাকে গোছানোর চেষ্টা করছি। অতি দ্রুত সংগঠনগুলোকে গুছিয়ে ফেলতে পারলেই আমরা গণসংযোগ বৃদ্ধি করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণসংযোগে করবেন। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, তাদের সঙ্গে নিয়েই আমরা আন্দোলনে যাব।”
‘নিরানন্দ’ ঈদ
গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে ঈদ করে বৃহস্পতিবার ঢাকায় ফিরে পরদিন উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সামনে আসেন ফখরুল।
তিনি বলেন, “আমাদের অসংখ্য নেতা-কর্মী কারাগারে রয়েছেন। তারা আত্মীয় স্বজনদের নিয়ে এবার ঈদ করতে পারেননি। সামগ্রিক পরিস্থিতিতে এবারের ঈদকে দেশের মানুষ উৎসব হিসেবে নিতে পারেনি। এক শ্বাসরুদ্ধকর অবস্থা…।”
শোলাকিয়ার ঈদ জামাতে এবার কম লোক হওয়ার বিষয়টিকেও সেই ‘শ্বাসরুদ্ধকর অবস্থার’ প্রমাণ হিসেবে তুলে ধরেন বিএনপি মহাসচিব।
“পরিস্থিতিটা এমন যে গোটা দেশে এক অশান্তি ও অস্থিতিশীলতা বিরাজ করছে। পঞ্চদশ সংশোধনীর (তত্ত্বাবধায়ক বাতিল) মাধ্যমে দেশে গণতন্ত্রহীনতা সৃষ্টি এবং অধিকার কেড়ে নেওয়ার ফলে আজকের এই সঙ্কেটের সূত্রপাত হয়েছে বলে আমরা মনে করি।”
জঙ্গিবাদ প্রসঙ্গ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপি কোনোভাবেই জঙ্গিদের ‘সমর্থন করে না’। বরং জঙ্গিদের নিয়ে সরকারের দেওয়া ‘বিভিন্ন ধরনের তথ্যে’ জনগণ ‘বিভ্রান্ত’ হচ্ছে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের মানুষের নিরাপত্তা চাইলে তাদের নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপনি আমাকে ধরে নিয়ে গিয়ে বলবেন, পয়সা দাও, তা না হলে জঙ্গি খাতায় নাম লেখাব- এটা নিরাপত্তা নয়।”
এই জঙ্গিবাদের শেকড় কোথায় তা দেশের মানুষ ‘জানতে পারছে না’ মন্তব্য করে ফখরুল বলেন, “তোমরা বার বার বলছ, দেশে জঙ্গিবাদ আসছে, এই জঙ্গিবাদ বলতে বলতে তোমরাই দেশে জঙ্গিবাদ এনে ছেড়ে দিলা। আমরা এই কথাগুলো প্রথম থেকেই বলে আসছি। আমাদের কথাগুলো অরণ্যে রোধন হচ্ছে। এখন উল্টো আপনারাই বলবেন, বিএনপির এই দোষ, ওই দোষ। আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা বলতে পারছেন না- এটা সত্য কথা।”
সরকার যদি ‘সত্যিই’ জঙ্গিবাদ দমন করতে চায়, তাহলে বিএনপিকে সঙ্গে নিয়েই তা করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
“আপনি মুখটা বালির ভেতরে ডুবিয়ে রাখলে মরুঝড়কে এড়াতে পারবেন না। সরকারকে আবারও আহ্বান জানাতে চাই, আমাদের দেশনেত্রী জঙ্গিবাদ মোকাবিলায় যে আহ্বান জানিয়েছেন… জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য সৃষ্টি করুন।”
