২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যানীর দুর্নীতি মামলা স্থগিত

জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে করা একটি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 01:40 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

মামলা বাতিল চেয়ে এ্যানীর এক আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

সেইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

চার সপ্তাহের মধ্যে দুদক ও সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান; এ্যানীর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন।

ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যানির সম্পদের বিষয়ে ২০১৪ সালের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে দুদক। তার নয় মাসের মাথায় ৯ অক্টেবার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করেন কমিশনের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ।

এ্যানীর মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

এছাড়া দুদকে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে তিনি ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

বিএনপির অন‌্য অনেক নেতার বিরুদ্ধেও দুদক মামলা করেছে, যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দলটির দাবি।