নানা গুঞ্জনেও নিশ্চুপ নোমান
বিএনপির স্থায়ী কমিটিতে স্থান না পাওয়ায় হতাশ আবদুল্লাহ আল নোমান পদত্যাগ করছেন বলে গুঞ্জন ছড়ালেও তিনি এই বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছেন না।
গত শনিবার বিএনপির নতুন কমিটি গঠনের পর থেকে চট্টগ্রামে নোমান সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। নোমান নিজেও বলেছিলেন, তার মনও খারাপ হয়েছে।
খালেদা জিয়া নতুন কমিটিতে নোমানকে আগের মতোই ভাইস চেয়ারম্যান করায় তাকে পদত্যাগ করতে চাপ দিচ্ছেন অনুসারীরা। ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুর মতো তিনিও পদত্যাগ করতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়ায়।
এই বিষয়ে জানতে চাইলে নোমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরীরটা ভালো যাচ্ছে না। মনটাও খারাপ। মিডিয়ার সঙ্গে আমি এখন কোনো কথা বলব না।”
ঢাকার ধানমণ্ডিতে নিজের বাসায় আছেন নোমান। নতুন কমিটি ঘোষণার পর কোনো কর্মসূচিতেও তিনি যাচ্ছেন না।
ওই বাসায় গিয়ে দেখা যায়, নিজের জেলা চট্টগ্রামের নেতা-কর্মীদের ফোনের পর ফোন ধরতে হচ্ছে নোমানকে। তিনি তাদের কথা সময় নিয়েই শুনছেন, তাদের নানা কথায় শান্ত থাকতেও বলছেন।
ফোনে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাকে বলতে শোনা যায়- “আপনাদের অনুভূতি আমি বুঝি। দলকে সংগঠিত রাখতে হবে। এমন কিছু করবেন না, যাতে বিভ্রান্তি সৃষ্টি হয়।”
নোমানকে বাদ রেখে চট্টগ্রামের আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজারের সালাহ উদ্দিন আহমেদকে স্থায়ী কমিটিতে স্থান দেওয়ার পর থেকে নোমান সমর্থকদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ চলছে।
নোমানকে স্থায়ী কমিটিতে নিতে চট্টগ্রামের একদল নেতা-কর্মী বিবৃতিও দিয়েছেন, প্রতিবাদী কর্মসূচিও ঘোষণা করেন তারা।
টেলিফোনে নোমান চট্টগ্রামের ক্ষুব্ধ ওই নেতাদের এই মুহূর্তে এই ধরনের কোনো কর্মসূচি পালন না করতে অনুরোধ করেন।
আবদুল্লাহ আল নোমান, বিএনপির স্থায়ী কমিটিতে স্থান না পেয়ে হতাশ
বর্ষীয়ান এই রাজনীতিকের কথায় প্রকাশ পেয়েছে, তিনি এখন দলে পদ-পদবি নিয়ে ভাবছেন না, বরং তাকে নিয়ে দলের মধ্যে কোনো ধরনের বিভেদ যেন না হয়, সেটাই চাইছেন তিনি।
ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে আসা নোমান ছাত্র ইউনিয়ন, ন্যাপ (ভাসানী) হয়ে গত শতকের ৮০ এর দশকে বিএনপিতে যুক্ত হন। তার ভাই আবদুল্লাহ আল হারুন ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য।
মুক্তিযোদ্ধা নোমান দুই বারের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন খালেদা জিয়ার সরকারে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ছিলেন তিনি। কেন্দ্রীয় কমিটিতেও ভাইস চেয়ারম্যানের আগে যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি।
নোমান সমর্থকরা মনে করেন, চট্টগ্রামে বিএনপির ভিত তৈরিতে নোমানের অবদান সবচেয়ে বেশি। অথচ নতুন কমিটিতে তার যথাযথ মূল্যায়ন হয়নি।
নোমান সমর্থক এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোমান ভাইয়ের মতো দক্ষ নেতার স্থায়ী কমিটিতে স্থান হয়নি- এটা বেদনার। অনেক ত্যাগের বিনিময়ে চট্টগ্রামে বিএনপিকে তিনি গড়ে তুলেছেন, তার অবদান সবচেয়ে বেশি।
“একসময় যাদেরকে নোমান ভাই নিজে হাতে ধরে রাজনীতিতে এনেছেন, তারাই এখন গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন। অথচ তাকে মূল্যায়ন করা হল না।”
