ঐক্যের প্রভাব নিয়ে সরকার ভীত: নোমান
জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের সম্ভাব্য ‘প্রভাব নিয়ে ভয় পাওয়ার কারণেই’ সরকার তা করতে চাইছে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার ঢাকায় এক সমাবেশে তিনি বলেন, “জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য সরকার চায় না। কারণ এই ঐক্যের সম্ভাব্য প্রভাব নিয়ে তারা ভীত। আজকে তারা (সরকার) ভয় পায় একথা চিন্তা করে যদি জাতীয় বৃহত্তর ঐক্য গড়ে ওঠে, তাহলে তার প্রেক্ষিত কী? সেখানে গণতান্ত্রিক পরিবেশ লাগবে, সেখানে আইনের শাসনের যে ব্যত্যয় ঘটছে, এগুলো সংশোধিত হতে হবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে সংবিধানবহির্ভূত নানা কাজ করার অভিযোগ তুলে তিনি বলেন, “জাতীয় স্বার্থের বিরুদ্ধে তারা বড় বড় যে সমঝোতা করেছে ভারতে স্বার্থে, ট্রানজিট করেছে এবং অন্যান্য ক্ষেত্রে যেটা করেছে- সেগুলোর বিষয়ে তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের শাস্তি হবেই হবে।”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের বিরুদ্ধে দায়ের ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে আয়োজিত সমাবেশে জঙ্গিবাদ মোকাবেলায় ‘পাল্টা দর্শন’ প্রয়োজন বলেও অভিমত দেন নোমান।
“জঙ্গিবাদ জঙ্গি নয়, জঙ্গিবাদ একটি দর্শন। একে পাল্টা দর্শনের মাধ্যমে মোকাবেলা করতে হবে। যারা ভুল পথে পরিচালিত হচ্ছে, তাদের সংশোধন করে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এমন একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করতে হবে, যেখানে আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে, শান্তিপূর্ণ দেশ হিসেবে, শান্তিপূর্ণভাবে আমরা সবাই সহাবস্থান করতে পারি। এছাড়া আর কোনো বিকল্প পথ আছে বলে আমরা মনে করি না।”
জন সম্পৃক্ততা ছাড়া শুধু ‘পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী’ দিয়ে জঙ্গিবাদ দমন সম্ভব হবে না বলেও অভিমত দেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান সরকারের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা না করার অভিযোগ করে বলেন, “এই সরকারের অনেক মন্ত্রী আছে, যাদের ১/১১ এর সময় মামলা হয়ে শাস্তি হয়েছে। কিন্তু তাদের জন্য বাংলাদেশের সংবিধানের যে আইন সেটা প্রযোজ্য নয়। আমাদের জন্যই যা কিছু আইন।”
সরকারের বিরুদ্ধে ‘দমনীতির’ অভিযোগ তুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকার গুম-খুন করে মানুষের মধ্যে ভয়-ভীতি ও আতঙ্কের সৃষ্টি করে আবারও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। একে রুখতে হলে আপনাদের রাস্তায় নামতে হবে, এই সংগ্রামে বিজয়ী হতেই হবে।”
‘রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে দেশ হবে মরুভূমি’
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সমালোচনা করে সাবেক পরিবেশমন্ত্রী নোমান বলেন, “কৃষিপ্রধান দেশ, উর্বরা দেশ, পলি মাটির দেশ, সুন্দরবনের দেশ। প্রাকৃতিকভাবে দেশকে তারা (সরকার) ধ্বংস করে দিচ্ছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র করে সরকার আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। এদেশ একদিন মরুভূমিতে রূপান্তরিত হবে যদি রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়।”
ক্ষমতায় থাকার স্বার্থেই সরকার সেখানে এই প্রকল্প নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, “রামপাল বিদ্যুৎকেন্দ্র যদি ভারতের সঙ্গে সহযোগিতা করে করা যায়, তাহলে ক্ষমতায় থাকা যায়। তাদের ক্ষমতার আজকে মূল ভিত্তি হচ্ছে বিদেশ। মূল ভিত্তি হচ্ছে ভারত। ভারতের নেতারা বাংলাদেশে এসে একথা বলে গেছে। তাদের ভিত্তি জনগণ নয়। তাই জনগণের প্রতি তাদের আশা-ভরসা নাই।”
ক্ষমতা স্থায়ী করতে আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থকে ভারতের কাছে ‘বিকিয়ে দিয়েছে’ বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
“ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, কোনো চুক্তিই দেশের পক্ষে আসে নাই, ভারতের পক্ষে গেছে। কারণ ভারতকে তারা খুশি করতে চায়, খুশি করে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।”
ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, শহীদুল ইসলাম বাবুল ও ছাত্রদল সভাপতি রাজীব আহসান বক্তব্য রাখেন।
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সভা কক্ষে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এক আলোচনা সভা হয় তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের সাজার প্রতিবাদে।
এতে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, মাহবুবউদ্দিন খোকন, শাহ আবু জাফর, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও রফিকুল ইসলাম রিপন বক্তব্য রাখেন।
