বুলুসহ বিএনপির ৫৯ নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা
রাজধানীর মতিঝিল থানায় পুলিশের করা বিষ্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, শিমুল বিশ্বাসসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলার অভিযোগপত্র গ্রহণ করে পরোয়ানা জারি করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানিয়েছেন।
তিনি বলেন, “৮৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯ জন পলাতক থাকায় তাদের গ্রেপ্তার পরোয়ানা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন সময়ে জামিন নিয়েছেন।”
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন জানান, বুলু-শিমুল ছাড়া আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন- মারুফ কামাল খান সোহেল, শিরিন আক্তার, সেলিমা রহমান, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার, শরাফত আলী সফু।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা ২০১৫ সালের জানুয়ারিতে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলার সময় মতিঝিল থানায় পুলিশের কাজে বাধা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিষ্ফোরণ ঘটান।
চলতি বছরের মার্চে তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর হাকিম আদালতে মামলায় অভিযোগপত্র দেন।
মামলাটি পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে এলে বুধবার সেখানেও অভিযোগপত্র দেওয়া হয়।
