জাসদের ঐক্য: আলোচনায় ইনুর মন্ত্রিত্ব ছাড়ার ‘ফর্মুলা’
দুর্নীতি নিয়ে এক বক্তব্যের জন্য হাসানুল হক ইনু ক্ষমা চাওয়ার পর নতুন করে আবার ঐক্যের আলোচনা উঠেছে জাসদে।
এজন্য ইনুকে তথ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন বিভক্ত জাসদের একাংশের সঙ্গে সংশ্লিষ্ট ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন।
ঐক্যে রাজি থাকলেও কোনো শর্ত মানতে রাজি হননি ইনু নেতৃত্বাধীন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।
গত ১২ মার্চ জাসদের জাতীয় কাউন্সিলে নেতৃত্ব নিয়ে মতবিরোধের মুখে বিভক্ত হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদ। পরে দুই অংশকে এক করতে নানা উদ্যোগও ভেস্তে যায়।
কয়েকদিন আগে টিআর, কাবিখার দুর্নীতি নিয়ে বলার এক পর্যায়ে এমপিদের চোর বলার পর সমালোচনার মুখে সংসদে ক্ষমা চাইতে বাধ্য হন তথ্যমন্ত্রী ইনু।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি)
বক্তব্যের জন্য ইনুর হেনস্তা হওয়ার ঘটনায় খুশি হননি জানিয়ে নিজের ফেইসবুক পাতায় তিনি লিখেছেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ইন্সুরেন্স হিসেবে বিগত ১২ মার্চ জাসদ কাউন্সিলে আমি একটি রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেছিলাম। সেটা নেতার ভাষায় ‘প্রত্যাখ্যান’ হয়ে গেছে (যদিও তা ঠিক নয়, ঠিক কথাটি হচ্ছে: প্রস্তাবটি গ্রহণ করা হয়নি)।”
ইনুর ক্ষমা চাওয়ার ঘটনার পর নানা জনের আগ্রহের পরিপ্রেক্ষিতে সঙ্কট উত্তরণে নিজের এই প্রস্তাব দেন মুশতাক।
“১৪ দল বা সরকার থেকে বেরিয়ে আসা এখন রাজনৈতিক কারণে সঠিক হবে না। বরঞ্চ আরও বড় ঐক্য করা দরকার। সেক্ষেত্রে রাজনৈতিক সম্মান বজায় রাখার জন্য মাননীয় তথ্যমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে (সম্ভব হলে আজই) পদত্যাগ করা উচিৎ। এবং তার স্থলে তার দল থেকেই অন্য আরেকজনের নাম মন্ত্রী/প্রতিমন্ত্রী হিসেবে প্রস্তাব করা উচিৎ।”
এটা জাসদের প্রস্তাব হিসেবে সরকারের কাছে পাঠানো উচিৎ বলে মনে করেন প্রধান-আম্বিয়া কমিটির স্থায়ী কমিটির সদস্য মুশতাক।
তার এই মত ধরে ইনুর তথ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়ার মধ্য দিয়ে দুই অংশকে এক করার একটি সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে জাসদে।
তবে ইনুর পদত্যাগ ও দলের আরেকজনকে মন্ত্রী/প্রতিমন্ত্রী করা ও তার ধারাবাহিকতায় জাসদে ঐক্য প্রক্রিয়ার ‘ফর্মুলা’ নিয়ে ‘আলোচনা’কে ‘শিশুসুলভ’ বলে মন্তব্য করেন দলটির একাংশের সাধারণ সম্পাদক শিরীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের শর্তারোপ করে তো ঐক্য হয় না।”
পুনরায় কাউন্সিলের মাধ্যমেই সমঝোতার দ্বার উন্মুক্ত হতে পারে বলেও মত এসেছে।
এ বিষয়ে শিরীন বলেন, “এটা অনেক পুরনো কথা, এ নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। তবুও ঐক্য প্রক্রিয়া সব সময় উন্মুক্ত; ঐক্যের চেষ্টার তো শেষ নেই।”
মুশতাকের মতামতকে তার ‘নিজস্ব’ বলে মনে করেন জাসদের আরেক অংশের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দল দুই ধারায় বিভক্ত। ইনু মন্ত্রী রয়েছেন, দলেও রয়েছেন। গতকালের ঘটনা ঢালাওভাবে যা বলেছেন, দলের সব ধারা এ ভূমিকার জন্য লজ্জিত হবে।
“পার্টি তার সব কিছু ওউন করতে পারে না। পার্টি ও গভর্নমেন্ট সেপারেট। দলের প্রধান মন্ত্রিসভায় থাকতে পারবেন না-এটাই নীতিগত সিদ্ধান্ত।”
তবে সমঝোতার কোনো ‘ফর্মুলা’ নিয়ে কোনো আলোচনা সম্পর্কে জানেন না বলে জানান প্রধান।
জাসদের এই অংশের কার্যকরি সভাপতি মইন উদ্দিন খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অবস্থান খুব স্পষ্ট। প্রথম দিনে যে পজিশন ছিল, এখনও তাই। যে কাউন্সিল হয়েছে তা অবৈধ। এটা আবার পুরোপুরি বসালে আমরা কথা বলতে পারি।
“আগের কাউন্সিল বাতিল করলে আলোচনার সূত্রপাত হতে পারে। বর্তমান কমিটি বাতিল করার পর আলোচনা হতে পারে, নতুন কোনো অবস্থান নেই।”
ইনু ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে জাসদকেই কলঙ্কিত করেছেন মন্তব্য করে বাদল বলেন, “জাসদের রাজনীতিতে আমাদের ভুল থাকতে পারে, আমাদের বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, কিন্তু জাসদের কোনো নেতা এভাবে ক্ষমা চায়নি, এটা জাসদের বৈশিষ্ট্য না।
“২০ হাজার নেতা কর্মী মারা গেছে, তাহের মারা গেছে। তারা জীবনের জন্য ক্ষমা চায়নি।”
