খালেদার কথায় কেন গুরুত্ব দেন: নাজমুল হুদা
বিএনপি থেকে বেরিয়ে নতুন দল গঠনকারী নাজমুল হুদা ১৪ দলের কর্মসূচিতে প্রথম অংশ নিয়ে তার আগের নেত্রী খালেদা জিয়ার কথায় গুরুত্ব না দিতে ক্ষমতাসীনদের পরামর্শ দিয়েছেন।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তিনি ১৪ দলের নেতাদের উদ্দেশে বলেন, “খালেদার কথাকে আপনারা কেন গুরুত্ব দেন? তার কথায় গুরুত্ব দেওয়ার কী আছে?
“তার কথাকে গুরুত্ব না দিয়ে আপনারা আপনাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি। আপনারা জনগণের হৃদয় জয় করতে পারবেন।”
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বান নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের কর্মসূচিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতাসীনদের আরও ঘনিষ্ঠ হলেন হুদা।
বিএনপি প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য নাজমুল হুদা দুই বার খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। তবে বক্তব্য ও কাজের জন্য দলে সমালোচনায় পড়ার পাশাপাশি তাকে বহিষ্কৃতও হতে হয়।
সর্বশেষ ২০১৪ সালের ৬ জুন সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়েন দলটির তৎকালীন ভাইস চেয়ারম্যান হুদা। এরপর ৩১টি দল নিয়ে ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে একটি রাজনৈতিক মোর্চা গঠন করেন।
সম্প্রতি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থার কথা জানিয়ে ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভা করে এই জোটের কর্মসূচিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।
সরকারকে পরামর্শ দিয়ে নাজমুল হুদা বলেন, “জঙ্গিবাদী কর্মকাণ্ড প্রতিরোধে সাংস্কৃতিক জাগরণ লাগবে। আপনারা আপনাদের মন্ত্রী আসাদুজ্জামান নূর, তারানা হালিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবরী, মমতাজদের কাজে লাগান।”
১৪ দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এই সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ জোট শরিক অন্য দলগুলোর নেতারাও বক্তব্য রাখেন।
