২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী, আপনিই দেশের সর্বশক্তির আধার’

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাত দফা প্রস্তাব দিয়ে তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 10:47 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির সাবেক এই নেতা বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যা চান শুধু আপনিই পারবেন তা বাস্তবায়ন করতে। আপনিই বাংলাদেশের সর্বশক্তির আধার। আমরা বিশ্বাস করি, জাতীয় জোটের সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্থায়ী রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল জবাবদিহিমূলক সংসদ নির্বাচিত করে জনগণের সরকার ব্যবস্থা চালু রাখা যাবে।”

বিএনএ’র সাত দফার মধ্যে রয়েছে, স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদকরণ, নির্বাচনী ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনা, সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা, রাজনৈতিক দলের নিবন্ধন ব্যবস্থা ‘বাস্তবমুখী’ করা ও নির্বাচনী ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়ানো।

সাত দফার সমর্থনে জনমত গড়তে দেশের সবগুলো বিভাগে প্রচার চালানোর ঘোষণা দিয়েছেন ২৯ দলের সমন্বয়ে গঠিত জাতীয় জোটের নেতা নাজমুল হুদা।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী নাজমুল হুদা বলেন, “আপনার (প্রধানমন্ত্রী) হাতকে শক্তিশালী করতে আমরা আমাদের প্রস্তাবের সমর্থনে ব্যাপক জনমত গঠন করতে চাই, যাতে করে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।” 

দফাগুলো নিয়ে ১৫ নভেম্বর খুলনায়, ২ ডি্সেম্বর রাজশাহী, ১৯ ডিসেম্বর বরিশাল, ৭ জানুয়ারি সিলেট, ২১ জানুয়ারি চট্টগ্রাম, ২৯ জানুয়ারি ময়মনসিংহ, ১৫ ফেব্রুয়ারি রংপুরে এবং ১ মার্চ ঢাকায় সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠান করবে বিএনএ।

নাজমুল হুদা বলেন, “সুস্থ রাজনীতি ও সুশাসনের প্রধান শর্ত হিসেবে আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থাকেই চিহ্নিত করেছি। গণতন্ত্রের ম্যাগনাকার্টা জাতীয় জোটের ঐতিহাসিক ৭ দফার প্রস্তাবের সমর্থনে ব্যাপক জনমত গঠন করতে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই সংবাদ সম্মেলন হয়। গত ফেব্রুয়ারিতে ২৯ দল নিয়ে জাতীয় জোট গঠন করেন মানবাধিকার পার্টির চেয়ারম্যান নাজমুল হুদা

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ডেমোক্রেটিক পার্টির এম নাজিম উদ্দীন আল আজাদ, জাতীয় জোটের মহাসচিব লেবার পার্টির সেকান্দর আলী হাওলাদার, স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, জাগো বাঙালীর মেজর মুহাম্মদ হাবিব, ন্যাশনাল কংগ্রেসের শেখ শহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।