উগ্রবাদ নির্মূলের দৃষ্টান্ত আ. লীগের নেই: রিজভী
উগ্রবাদী সন্ত্রাসীদের শেকড় সন্ধান ও নির্মূলের কোনো দৃষ্টান্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণকে দেখাতে পারেনি দাবি করে রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিবাদ নয়; বিএনপিকে ‘নির্মূলের পুরানো পরিকল্পনা’ বাস্তবায়ন করছে সরকার।
রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলামের পথ নয়- বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তার সঙ্গে বিএনপি একমত বলেও জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।
ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত কয়েকদিনে দেশকে যেন একটি সন্ত্রাসের ব্রিডিং ফার্মে পরিণত করা হয়েছে।”
দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ‘শুধু খুনোখুনি, রক্তারক্তি ও দাঙ্গা-হাঙ্গামার তাণ্ডব চলছে’ অভিযোগ করে বিএনপি নেতা রিজভী বলেন, “কোনো সমন্বিত প্রচেষ্টা তো দূরে থাক, এই সরকারের দ্বারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উগ্রবাদী দুষ্কৃতিকারীদের শিকড় সন্ধান ও তা নির্মূল করার কোনো দৃষ্টান্ত এখনও জনগণের কাছে দৃষ্টিগোচর হয়নি।
“বরং সরকার চিরাচরিত বিরোধী রাজনীতিকদের প্রতি ‘দোষারোপের খেলা’ চালিয়ে যাচ্ছে। তারা (সরকার) জঙ্গিবাদ নয়, বিএনপিকে নির্মূল করার পুরানো পরিকল্পনা বাস্তবায়ন করছে।”
সংবাদ সম্মেলনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহকে গ্রেপ্তার করে ‘ক্রসফায়ারে হত্যার’ অভিযোগও করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।
“ঈদের পর শনিবার ওয়ালিউল্লাহ ঢাকায় আসার পথে সন্ধ্যায় দেবহাটার পারুলিয়ায় গাড়ি থেকে নামিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে রাত ৩টায় ক্রসফায়ারে হত্যা করে। আমরা ওয়ালিউল্লাহকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
“একইসঙ্গে এটাও বলতে চাই, সরকার জঙ্গিবাদ দমনের নামে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকে নির্মূলের পুরানো পরিকল্পনা বাস্তবায়ন করছে।”
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি ও ৭ জুলাই ঈদের সকালে শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদী কর্মকাণ্ড ইসলামের পথ নয় বলে মন্তব্য করেন।
ওই মন্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, “প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন। আমরা তার বক্তব্যের সঙ্গে একমত। তবে প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, ক্রসফায়ারের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা কিসের পথ?
“মিথ্যা মামলা দিয়ে দেশব্যাপী পাইকারিভাবে বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা কিসের পথ? নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি উঠলেই সরকারপ্রধান কর্তৃক দেখে নিব, কাউকে ছাড় দেওয়া হবে না- প্রতিনিয়ত এসব হুমকি কিসের পথ?”
ঈদের সময়ে ক্ষমতাসীন দলের লোকজন সারা দেশে ‘চাঁদাবাজির আধিপত্য’ বজায় রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম, নাগকির ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্নাসহ সম্প্রতিক ‘সাঁড়াশি’ অভিযানে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান রিজভী।
সংবাদ সম্মেলনে উগ্রবাদ দমনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা উদাত্ত কণ্ঠে আবারও বলতে চাই, সম্মিলিত প্রচেষ্টায়ই আজকের জাতীয় সমস্যার সমাধান সম্ভব।
“রাজনীতিতে বিচ্ছেদ, বিনাশ, ব্যবধানের চর্চা অব্যাহত থাকলে কোনো না কোনো রূপে ভিন্নমত বিধ্বংসী উগ্রবাদীরা মাথাচাড়া দেবেই। তাই গণতন্ত্রের পথে জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করা এখনই প্রয়োজন। এই মুহূর্তে প্রয়োজন, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন।”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
