২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিক ও মাহমুদুরের জন্য খালেদার ঈদ উপহার

বিএনপিঘনিষ্ঠ কারাবন্দি সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে ঈদ ‍উপহার হিসেবে পায়জমা ও পাঞ্জাবি পাঠিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে শফিক রেহমানের বাসায় তার স্ত্রী তালেয়া রেহমানের কাছে বিএনপি চেয়ারপারসনের উপহার পৌঁছে দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালেয়া রহমানের কাছে মাহমুদুর রহমানের ঈদ উপহারও পৌঁছে দেন মির্জা ফখরুল।

এই দুই সাংবাদিক গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফিক রেহমানের সঙ্গে বুধবার তার স্ত্রীর সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে। সেসময় বিএনপি চেয়ারপারসনের এসব উপহার তিনি তাকে দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় গত ১৬ এপ্রিল গ্রেপ্তার করা হয় যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে।

এর আগে ২০১৩ সালের ১১ এপ্রিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে।

প্রধানমন্ত্রীপুত্র জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলারও অন্যতম আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা আছে।

পুরনো খবর:

জয় অপহরণ চক্রান্ত: মাহমুদুরের জামিন আবেদন ফের নাকচ
শফিক রেহমানের লিভ টু আপিলের শুনানি ১৪ জুলাই
হাসিনাকে খালেদার ঈদকার্ড