২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় অপহরণ চক্রান্ত: মাহমুদুরের জামিন আবেদন ফের নাকচ

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যা ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 07:37 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা তার জামিন আবেদন নাকচ করেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে তার জামিন আবেদন নাকচ হয়েছিল।

প্রধানমন্ত্রীপুত্র জয়কে অপহরণের জন্য তার সম্পর্কে তথ্য পেতে এফবিআই এর এক এজেন্টকে ঘুষ দেওয়ায় যুক্তরাষ্ট্রের আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ডের রায়কে কেন্দ্র করে ঢাকায় করা মামলার অন্যতম আসামি মাহমুদুর রহমান।

এ ছাড়াও বিভিন্ন আইনে তার বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল গ্রেপ্তারের পর থেকেই মাহমুদুর রহমান কারা অন্তরীণ।

মাহমুদুরের জামিন আবেদনে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথিত ঘটনা ঘটার সময় মাহমুদুর রহমান কারাগারে ছিলেন। তিনি আমেরিকাতে ছিলেন না। তাছাড়া ওই ঘটনায় আমেরিকাতে যে মামলা হয়েছিল তা খারিজ হয়ে গেছে।

“মাহমুদুর রহমান কারাগারে মারাত্মক অসুস্থ। কারাগারের বাইরে চিকিৎসার জন্য তার জামিন প্রয়োজন।”

এদিকে এই মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ ধার্য থাকলেও প্রতিবেদন জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তা।

মহানগর হাকিম এস এম মাসুদ জামান আগামী ১৬ জুন প্রতিবেদন দাখিলের জন্য আবারও তারিখ রেখেছেন বলে জানিয়েছেন সানাউল্লাহ মিয়া।