২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন বাণিজ্যের টাকায় আরেকটা পদ্মা সেতু হতো: জাপা এমপি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ‘মনোনয়ন বাণিজ্যের’ অভিযোগ তুলে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) এক সংসদ সদস্য বলেছেন, ওই অর্থ দিয়ে আরেকটি পদ্মা সেতু করা যেত।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে লক্ষ্মীপুরের সংসদ সদস্য মোহাম্মদ নোমান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকারের সব অর্জন দলটির তৃণমূলের নেতাকর্মীদের ‘অবৈধ উল্লাসে’ ম্লান হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন।

মোহাম্মদ নোমান বলেন, “ইউপি নির্বাচনের মনোনয়নে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। এ টাকা দিয়ে একটা পদ্মা সেতু হতো। অর্থমন্ত্রী কেন সেদিকে নজর দিলেন না বুঝলাম না।”

তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় নির্বাচন হিসেবে পরিচিতি ইউপি ভোটে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হয়। গত ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজারের বেশি ইউপির এই ভোটে ৩০টি দল অংশ নেয়।

ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনে টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন দেওয়ার অভিযোগ করেন আওয়ামী লীগের তৃণমূলের অনেক নেতা। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন মনোনয়নবঞ্চিত বিদ্রোহীরা।

ভোটের হিসাবে আওয়ামী লীগ প্রার্থীরা পেয়েছেন ৪৭ শতাংশ ভোট এবং বিদ্রোহীরা পেয়েছেন ৩০ শতাংশ; যেখানে নবম সংসদের প্রধান বিরোধী দল বিএনপির প্রার্থীরা পেয়েছে ১৯ শতাংশ ভোট।  

আর বর্তমান সরকারের চ্যালেঞ্জ বহুল প্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্পটির সর্বশেষ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। নিজস্ব অর্থায়নে ২০১৮ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে সরকার।

‘এলাকায় কাজ করতে পারছেন না জাপা এমপিরা’

বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্যরা এলাকায় কাজ করতে পারছেন না বলেও অভিযোগ করেন মোহাম্মদ নোমান।

“জাতীয় পার্টির এমপিরা এলাকায় স্বচ্ছন্দে কাজ করতে পারছে না। দেশ যে এগিয়ে যাচ্ছে এ কথা বলা যাচ্ছে না। এভাবে চললে এক সময় বড় ধরনের খেসারত দিতে হবে।”

বাজেট আলোচনায় ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য টিপু সুলতান নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সমালোচনা করে বলেন, “সবকিছু ঢালাওভাবে করলে বিপদ হয়ে যায়। রেজিস্টার্ড স্কুলগুলো জাতীয়করণ করা হলো। বাড়ির উঠানে-কাছারিতে করা স্কুলগুলো যাচাই না করে জাতীয়করণ হলো। এগুলো যাচাই করলে শিক্ষার মান এমন হতো না।”

আওয়ামী লীগের সংসদ সদস্য একেএম শাজাহান কামাল নির্বাচনী এলাকায় স্থানীয় সরকার বিভাগের ‘আমব্রেলা প্রকল্পের’ আওতায় ২০ কোটি টাকা বরাদ্দের সমালোচনা করেন।

“এখন ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকা ভিক্ষা নেওয়ার মতো। ৫০ কোটি টাকা বরাদ্দের দাবি করছি।”

আলোচনায় আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, একেএম আবদুল ওয়াহহাব, নবী নেওয়াজ ও আলতাফ আলী।

পুরনো খবর:

অগ্রাধিকার তালিকায় এখন ১০ প্রকল্প
পদ্মা সেতুর ব্যয় বাড়ল ৮ হাজার কোটি টাকা
‘মনোনয়ন বাণিজ্য’: আ. লীগ সভাপতির কার্যালয়ের সামনে মানববন্ধন
মনোনয়ন বাণিজ্যের অভিযোগে এক আ.লীগ নেতার বহিষ্কার দাবি