২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুপ্তহত্যাকারীদের’ মুখে ঐক্যের কথা: হানিফ

জঙ্গিবাদ প্রতিরোধে বিএনপি নেতা মওদুদ আহমদের জাতীয় ঐক্যের আহ্বানের জবাবে আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যারা ‘গুপ্তহত্যায় জড়িত’ তারাই এখন বলছে ঐক্যের কথা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ইফতার পূর্ব আলাচনায় এ কথা বলেন হানিফ।

তিনি বলেন, “যারা ঐক্যের কথা বলছেন, তারাই তো এসব গুপ্তহত্যার সঙ্গে জড়িত। গুপ্তহত্যা কারা করছে সবাই তা জানে।

“জাতীয় ঐক্য আমরাও চাই। কিন্তু কাদের সঙ্গে? কী ঐক্য করব?”

সকালে ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মওদুদ বলেন, দেশে ‘গণতন্ত্র নেই বলেই’ জঙ্গিবাদ ও উগ্রবাদের ‘উত্থান’ ঘটেছে।

কেবল পুলিশ ও র‌্যাব দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, এজন্য অবিলম্বে ‘সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ’ নির্বাচনের মাধ্যমে ‘জন প্রতিনিধিত্বশীল জবাবদিহিমূলক’ একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেইসঙ্গে সরকারকে ‘সত্যিকার অর্থে’ একটি ‘জাতীয় প্ল্যাটফর্ম’ তৈরি করতে হবে, যেখানে বিএনপিও ‘সহযোগিতা’ দিতে পারে।

মওদুদের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “বাংলাদশ আজ এগিয়ে যাচ্ছে। অন্যদিকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারের পতন ঘটাতে ব্যর্থ বিএনপিনেত্রী গুপ্তহত্যা শুরু করেছেন। কিন্তু এ ধরণের গুপ্তহত্যা করে সরকারকে সরানো যাবে না।”

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী  বক্তব্য দেন।