আওয়ামী লীগের সম্মেলন আরও পিছিয়েছে
দ্বিতীয় দফা পিছিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।
গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠকে আগামী ২২ ও ২৩ অক্টোবর সম্মেলনের নতুন তারিখ ঠিক হয়েছে।
বর্ষা ও ঈদের কারণে সম্মেলন পেছানোর এই সিদ্ধান্ত হয়েছে বলে কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রথম দফায় পেছানোর পর ১০ ও ১১ জুলাই দলের ২০তম সম্মেলনের দিন ঠিক করেছিল আওয়ামী লীগ।
ওই সময় বর্ষাকাল এবং তার আগের সপ্তাহেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
গত জানুয়ারিতে কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই সম্মেলনের জন্য ২৮ মার্চ দিন ঠিক হয়েছিল।
কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কারণ দেখিয়ে প্রথম দফায় তা জুলাইয়ে পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়ে ছয় পর্বে ভোটগ্রহণ শেষ হয় গত ৩ জুন।
আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। তিন বছর অন্তর সম্মেলনের কথা থাকলেও ইতোমধ্যে সেই সময় পেরিয়ে গেছে।
