সরকার উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে: বিএনপি
গুপ্তহত্যা বন্ধে কার্য্করী উদ্যোগ ‘না নিয়ে’ সরকার উল্টো দেশে ‘বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি’র চেষ্টায় আছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার আসলে ‘অস্থিতিশীলতা’ সৃষ্টির মধ্য দিয়ে ‘ক্ষমতা টিকিয়ে রাখার’ চেষ্টা করছে।
‘‘প্রকৃত ঘটনাকে আড়াল করে ও প্রকৃত দোষীদের খুঁজে বের না করে শুধুমাত্র বিরোধী দলের ওপর মিথ্যা দোষ চাপিয়ে সরকার উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেছেন, তার ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
দলের ভারপ্রাপ্ত মহাসসচিব ফখরুল বলেন, “আমরা পত্রিকায় দেখেছি, ১৮ দিনে প্রায় ৪৮ জন খুন হয়েছে। এতে এটা প্রমাণিত হয়, গুপ্তহত্যা বেড়েই চলেছে। সরকার শুধু এসব নিয়ন্ত্রণ করতে নয়, প্রকৃত ঘটনা উদঘাটন করতেও ব্যর্থ হচ্ছে।”
গত দুই বছর ধরে একের পর এক ব্লগার-লেখক হত্যা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার জন্য বিএনপি ও তাদের শরিক জামায়াতের দিকে অভিযোগের আঙুল তুলে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে আসছে, দেশকে অস্থিতিশীল করার জন্যই এভাবে গুপ্তহত্যা।
অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে ফখরুল বলেন, “এখনো সরকারের মন্ত্রীরা যে কথাগুলো বলছেন, তাতে ওইসব ঘটনার প্রকৃত সত্যটা উদঘাটন করার জন্য কোনো কার্য্করী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুধু বিরোধীদলকে দোষারোপ করে তারা কথা বলছেন।
“অর্থাৎ, আমরা যেটা আশঙ্কা করছি, এটার (গুপ্তহত্যা) সূত্র ধরে দেশে একটা বড় রকমের কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা সরকারই করছে।”
গুপ্তহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করারও দাবি জানান ফখরুল।
তিনি অভিযোগ করেন, মানুষের জীবনের নিরাপত্তা বা কল্যাণ নিয়ে সরকারের ‘মাথাব্যথা নেই’; তাদের একমাত্র লক্ষ্য ‘যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকা’।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
