২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে একসঙ্গে ৪ মামলার অভিযোগপত্র

নাশকতার আরও চারটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এনিয়ে এই অভিযোগের ১১টি মামলায় অভিযোগপত্র গেল আদালতে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 07:15 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

খালেদাকে রাজনীতি থেকে সরাতে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হচ্ছে বলে বিএনপির অভিযোগের মধ্যে সোমবার দারুস সালাম থানায় করা চারটি মামলার অভিযোগপত্র একসঙ্গে দেওয়া হল।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজধানীর ওই থানার চার পুলিশ কর্মকর্তা তদন্ত শেষে আলাদা অভিযোগপত্রগুলো দাখিল করেন।

চারটি অভিযোগপত্রেই খালেদা জিয়াকে হুকুমের আসামি ও পলাতক রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এই থানায় করা আরও পাঁচটি মামলায় এই মাসেই খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। তার আগে অভিযোগপত্র দেওয়া হয় যাত্রাবাড়ী থানার দুটি মামলায়। 

খালেদার বিরুদ্ধে একের পর এক অভিযোগপত্র দাখিলের প্রতিক্রিয়ায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগে এ রকম অভিযোগপত্র তৈরি করা জাতির জন্য কলঙ্কজনক, লজ্জাজনক।”

নতুন চারটি অভিযোগপত্রে আসামির তালিকায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন ১০৪ জন।

আসামিদের মধ্যে রয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিবউন নবী খান সোহেল, মীর শরাফত আলী সফু, সাইফুল আলম নীরব, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও)এসআই জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “চারটি অভিযোগপত্রে আসামিরা প্রায় সবাই একই ব্যক্তি। খালেদা জিয়াকে এসব মামলায় হুকুমের আসামি করা হয়েছে।”

মামলাগুলো আগামী ১৭ জুলাই আদালতে উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

Image
বিএনপি বলছে, খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলো ষড়যন্ত্রমূলক

বিএনপি বলছে, খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাগুলো ষড়যন্ত্রমূলক

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তিতে গত বছরের ৫ জানুয়ারি সমাবেশ করতে বাধা পেয়ে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় থেকে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া।

৯০ দিনের এই কর্মসূচিতে বহু গাড়ি পোড়ানো হয়, অগ্নিসংযোগ হয় বিভিন্ন স্থাপনায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান প্রায় একশ মানুষ।

তখন নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে অসংখ্য মামলা করে। তার মধ্যে বেশ কয়েকটিতে খালেদাকে হুকুমের আসামি করা হয়। এক বছর বাদে সেই মামলাগুলোর অভিযোগপত্র দেওয়া শুরু করেছে পুলিশ।

মামলার ঘটনাগুলো

নতুন যে চারটি অভিযোগপত্র দেওয়া হয়েছে,তার দুটি ২০১৫ সালের ফেব্রুয়ারির এবং ‍দুটি জানুয়ারির ঘটনায়।  

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি দারুসসালাম থানা এলাকায় এপেক্সের জুতার দোকানের সামনে গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় এসআই  রায়হানুজ্জামান ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দারুসসালাম থানা এলাকার দিয়াবাড়ির কবিরের ঝুটের ঘরের অন্য পাশে বালুর মাঠ সংলগ্ন এলাকায় গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করেন এসআই কামরুল হোসেন।

মামলায় ২১ জনকে আসামি করে এসআই মো. রায়হানুজ্জামান আদালতে অভিযোগপত্র দেন।

ওই বছরের ৬ জানুয়ারি মাজার রোডে জমিদার বাড়ির পাশে এবি ব্যাংকের এটিএম বুথের সামনে গাড়ি ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করেন এসআই কামরুল হোসেন।

এ মামলায় তদন্ত শেষে ২৪ জনকে আসামি করেছেন এসআই মো. রায়হানুজ্জামান।

২০১৫ সালের ২৯ জানুয়ারি মিরপুর ১ নম্বর মুক্তি প্লাজার পূর্ব পাশের রাস্তায় গাড়ি ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন মামলাটি করেন।

তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের  হোসেন এ মামলায় ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন।

পুরনো খবর:

নাশকতার ২ মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র
খালেদার বিরুদ্ধে নাশকতার আরও দুটি মামলার অভিযোগপত্র
বাসে আগুন: যাত্রাবাড়ীর মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ জুলাই