বাসে আগুন: যাত্রাবাড়ীর মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ জুলাই
অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপিনেত্রী খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে ১৮ জুলাই অভিযোগ গঠন হবে।
অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপিনেত্রী খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে ১৮ জুলাই অভিযোগ গঠন হবে।
ঢাকার ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা রোববার অভিযোগ গঠনের দিন ঠিক করে বিচারের জন্য মামলাটি ২ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালে পাঠানোর আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে সময়ের করা সময়ের অবেদন মঞ্জুর করে বিচারক নতুন দিন ধার্য করেন।
“মামলাটি বিচারের জন্য ঢাকার দুই নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালে (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত) পাঠিয়ে দেন।”
এই মামলায় ৩০ মার্চ খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি আদালতে হাজির হয়ে জামিন নেন।
মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বশির উদ্দিন গত বছরের ৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।
খালেদা ছাড়া মামলাটির আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা ছোড়া হলে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর ১ ফেব্রুয়ারি নূর আলম নামের এক যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান পরদিন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় মামলা করেন।
